ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক নূরুল আমিন।
বুধবার উত্তরার সিঙ্গাপুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা নূরুল আমিনের পায়ে গুলি করে তার কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক হানিফ শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে নূরুল আমিন উত্তরার মাসকট প্লাজার ন্যাশনাল ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলে রিকশায় করে তার বাসায় যাচ্ছিলেন। ওই সময় দুই মোটর সাইকেল আরোহী রিকশার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ে বাধা দিতে গেলে তারা গুলি চালালে নূরুল আমিনের পায়ে গুলি লাগে।
নূরুল আমিনকে প্রথমে টঙ্গি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে এসবি কর্মকর্তারা জানান।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৩৫৮ ঘ.
bdnews24