ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠান কঠিন বলে আবারও মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থার মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান কঠিন বলে আমি এবং আমার সরকার এখনও বিশ্বাস করি।"
দলীয় প্রধান ছাড়া নির্বাচন কিংবা সংলাপে অংশ না নেওয়ার যে কথা প্রধান দুটি রাজনৈতিক দল (আওয়ামী লীগ ও বিএনপি) বলে আসছে- সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, "সমঝোতার দ্বার সব সময়ই খোলা রাখা উচিত। আমি জানি না, কী সমঝোতা হবে। তবে এটা মনে রাখা দরকার, সমঝোতার ক্ষেত্রে কারোরই চাওয়ার শতভাগ পূর্ণ হবে না।"
এক প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, "সরকারের গৃহীত পদক্ষেপের ব্যাপারে সন্দেহ করার কোনও অবকাশ নেই। দেশের জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
এর আগে মরিয়ার্টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্ত যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসইউ/এফএফ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24