২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে তেজষ্ক্রিয়তা সনাক্তকরণ যন্ত্র স্থাপনে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস

চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত কন্টেইনার স্ক্যানার ও তেজষ্ক্রিয়তা সনাক্তকরণ যন্ত্র স্থাপনের অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বন্দরে একটি তেজষ্ক্রিয়তা সনাক্তকরণ যন্ত্র স্থাপনে সরঞ্জাম সরবরাহ, কারিগরী ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

চট্টগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত কন্টেইনার স্ক্যানার ও তেজষ্ক্রিয়তা সনাক্তকরণ যন্ত্র স্থাপনের অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বন্দরে একটি তেজষ্ক্রিয়তা সনাক্তকরণ যন্ত্র স্থাপনে সরঞ্জাম সরবরাহ, কারিগরী ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি। সোমবার বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুকের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত এ আশ্বাস দেন। প্রায় ৪৫ মিনিটের এ বৈঠকে রাষ্ট্রদূত বন্দরের সার্বিক কার্যক্রম ও মার্কিন সহায়তা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, "মেগা পোর্ট ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বন্দরে একটি তেজস্ক্রিয়তা সনাক্তকরণ যন্ত্র (রেডিয়েশন ডিটেকশন ইকুইপমেন্ট) স্থাপনে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, কারিগরী ও আর্থিক সহায়তা দিবে বলে মার্কিন রাষ্ট্রদূত তাদের আশ্বাস দিয়েছেন।" তিনি বলেন, "কন্টেইনার স্ক্যানার ও তেজস্ক্রিয়তা সনাক্তকরণ যন্ত্র স্থাপন করা গেলে পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ ইউরোপিয়ান বন্দরগুলোতে বাংলাদেশের পণ্য পরিবহনে সময়ও সাশ্রয় হবে।" বন্দর চেয়ারম্যান জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে কনটেইনার স্ক্যানার স্থাপনের কাজ শুরু করেছে। পণ্য পরিবহনে বেশি সময় লাগার বিষয়ে তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্টসহ ইউরোপীয় এসব বন্দরে পণ্য পৌছানোর পর কন্টেইনার স্ক্যান ও নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য কার্যক্রম শেষ করতে সাত থেকে আটদিন লেগে যায়। মেগা পোর্ট ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে এবং ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটিজ সিকিউরিটি কোডের (আইএসপিএস) আওতায় বিশ্বের অন্যান্য বন্দরে ইতোমধ্যে তেজস্ক্রিয়তা সনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে বলে তিনি জানান। কমোডর ফারুক বলেন, "বন্দরে তেজস্ক্রিয়তা সনাক্তকরণ যন্ত্র স্থাপন করা গেলে কন্টেইনারে পণ্য পরিবহনের ক্ষেত্রে নিউক্লিয়ার অস্ত্র, বোমা কিংবা অন্য কোন ধরনের তেজস্ক্রিয়তা ঝুঁকি কমে যাবে।" তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এ প্রকল্পটি আগেই হাতে নেওয়া হয়েছিল। আজকের (সোমবার) আলোচনায় এটি আরও তাড়াতাড়ি বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে ঠিক হয়েছে। বন্দর ও বর্হিনোঙ্গরে চুরি, ডাকাতি বন্ধে যুক্তরাষ্ট্র উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া অব্যাহত রাখবে বলেও রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বলে বন্দর চেয়ারম্যান জানান। বন্দর কর্তৃপক্ষ জল সীমানায় দস্যুতা বন্ধে নিজস্ব অর্থায়নে দুটি বোট কিনেছে বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এছাড়া মরিয়ার্টির সঙ্গে তার বৈঠকে সংস্কার পরবর্তী অবস্থায় বন্দরে শ্রমিকদের কল্যাণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে বন্দর চেয়ারম্যান জানান। রাষ্ট্রদূত মরিয়ার্টি সাংবাদিকদের জানান, বন্দর চেয়ারম্যানের সঙ্গে তার বৈঠকটি ফলপ্রসু হয়েছে। তিনি বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের একটি জুতা কারখানার শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেখতে যান। সকালে তিনি পরিদর্শন করেন নগরীর চট্টেশরী রোডে অবস্থিত ওয়ার সিমেট্রি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/জিএনএ/১৭১৯ ঘ.