ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুর ও কাকরাইলে সোমবার দুটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ চলার সময় নিরাপত্তা পিলার সরে গেলে সংলগ্ন সড়কগুলোতে ধস নামে।
দুপুরে আজিমপুর সড়কে সলিমুল্লাহ মুসলিম এতিমখানার পাশে নির্মাণাধীন কনকর্ড টাওয়ারের সংলগ্ন পাশাপাশি দুইটি রাস্তায় এবং কাকরাইল মোড়ের কাছাকাছি প্রধান সড়কে এ দুটি ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
আজিমপুরের ঘটনার ব্যাপারে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান কনকর্ডের প্রকৌশলী মমতাজুল ইসলাম বলেন, পাইলিংয়ের জন্য মাটি কেটে সরিয়ে নেওয়ার পর চারপাশের মাটির ধস এড়াতে পিলার দিয়ে ঠেক দেওয়া হয়। দুপুরে বৃষ্টির সময় এরকম বেশ কিছু পিলার হঠাৎ সরে যায়।
মমতাজুল ইসলাম বলেন, "রাস্তার পাশের ড্রেনে লিকেজ থাকায় চুইয়ে চুইয়ে পানি পড়ছিল। বৃষ্টির কারণে আজ পানির চাপ বেড়ে যায়। এ কারণে প্রোটেকশন পিলারগুলো খসে পড়ে।"
প্রত্যক্ষদর্শী শ্রমিক আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর একটার দিকে বৃষ্টি শুরুর পর আমরা কাজ বন্ধ রেখে নির্মাণাধীন ভবনে আশ্রয় নেই। সে সময় হঠাৎ করেই বিকট শব্দে রাস্তার পাশের মাটিতে ঠেক দেওয়া পিলারগুলো পড়ে যায়। ফলে মাটি সরে গিয়ে রাস্তায় ধস নামে।"
লালবাগ থানার উপ-পরিদর্শক দ্বীনে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা দেড়টার দিকে বৃষ্টির সময় রাস্তা ধসের ঘটনা ঘটে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।"
প্রায় একই ঘটনা ঘটে কাকরাইল মোড় এলাকায়।
বিল্ডিং ফর ফিউচার নামের একটি প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে ওই এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছে। দুপুর থেকে বৃষ্টি শুরুর পর সংলগ্ন রাস্তার পাশ দিয়ে পানি গড়িয়ে মাটি দুর্বল হয়ে যায়। এতে নিরাপত্তা পিলার সরে গেলে মাটির চাপে ওয়াসার পাইপ ফেটে পানি বের হতে থাকে। বিকালের দিকে পরিস্থিতির অবনতি হয় এবং সড়কের একটি অংশে ধস নামে।
ঘটনাস্থল থেকে ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা মজিবুর রহমান সাংবাদিকদের জানান, ড্রেন বন্ধ করে নির্মাণ কাজ করায় পানি বের হতে পারছিল না। বৃষ্টির পানির চাপে মাটি সরে গিয়ে এ ঘটনা ঘটেছে। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিল্ডিং ফর ফিউচার এর কর্মকর্তা আজম আহমেদ সাংবাদিকদের বলেন, "বৃষ্টির পানির চাপ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বালির বস্তা ফেলে আপাতত ধস ঠেকানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচসি/জেকে/এসকে/২০২৩ঘ.
bdnews24