যশোর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি ভাষা সৈনিক মাস্টার ইমান আলী সোমবার ভোররাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার বড় ছেলে মারুফ হোসেন জানান, ভোর সাড়ে চারটার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের নিজের বাসায় মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
মৃত্যুকালে ইমান আলী স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমান আলী ১৯৩০ সালে ১ আগস্ট ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৬ সালে স্কুলে পড়া অবস্থায় তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখেন। ওই বছর ১৩ মার্চের হরতাল সফল করতে গিয়ে গ্রেপ্তার হন তিনি।
১৯৫৬ সালে তিনি গণতান্ত্রিক পার্টিতে যোগ দেন। পরে ওই পার্টি বিলুপ্ত হলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ-এ যোগ দেন। ৬৯'এর গণঅভ্যুত্থানেও তার কার্যকর ভুমিকা ছিল।
ইমান আলী ১৯৮০ সালে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। ১৯৯০ সালে খুলনায় বিল ডাকাতিয়া আন্দোলন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অপরিকল্পিত চিংড়ি ঘের বিরোধী আন্দোলন, ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলনসহ অসংখ্য আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। ১৯৯৩ সালে কৃষকদের সাত দফা দাবিতে সংসদ ভবন ঘেরাওয়ে তিনি নেতৃত্ব দেন।
মারুফ হোসেন জানান, মঙ্গলবার সকালে মরহুমের প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে যশোর টাউন হল ময়দানে। একইদিন বাদ জোহর যশোর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা ও বিকেলে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার মল্লিকপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ইমান আলীর মৃত্যুর খবর পেয়ে যশোর এম এম কলেজ কর্তৃপক্ষ তার প্রতি শ্রদ্ধা জানাতে পাঠদান বন্ধ রাখে। তিনি এ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার হাতে গড়া আরও দুটি প্রতিষ্ঠান হল- যশোর সিটি কলেজ ও মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়।
এছাড়া তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৪ ঘ.
bdnews24