২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা ও জাতীয় নির্বাচন একসঙ্গে না করার পক্ষে মাঠপর্যায়ের শীর্ষ কর্মকর্তারা

একইসঙ্গে উপজেলা ও জাতীয় নির্বাচন না করার পক্ষে মত দিয়েছেন দেশের ছয় বিভাগীয় কমিশনার ও নয় উপ-নির্বাচন কমিশনার। সোমবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এক বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ মত দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একইসঙ্গে উপজেলা ও জাতীয় নির্বাচন না করার পক্ষে মত দিয়েছেন দেশের ছয় বিভাগীয় কমিশনার ও নয় উপ-নির্বাচন কমিশনার। সোমবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এক বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ মত দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সিইসির এটিই ছিল প্রথম বৈঠক। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বৈঠক হয়। বৈঠক শেষে সিইসি এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন,"আগামী মাসের মধ্যেই উপজেলা নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে, নাকি আলাদাভাবে করব সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছি।" তিনি জানান, বৈঠকে বিভাগীয় কমিশনাররা একইসঙ্গে জাতীয় ও উপজেলা নির্বাচন করা কঠিন বলে মন্তব্য করেছেন। সিইসি বলেন,"বিভাগীয় কমিশনার ও উপ নির্বাচন কমিশনাররা উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে না করার পক্ষে মত দিয়েছেন।" এক প্রশ্নের জবাবে এটিএম শামসুল হুদা বলেন, "এ বছরের মধ্যেই আমরা উপজেলা নির্বাচন করব। তবে কবে নাগাদ করব বা তফসিল ঘোষণা করা হবে- সে বিষয়ে জুন মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ ও বিধিমালা হাতে পেলে জুনের প্রথম সপ্তাহে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান তিনি। সিটি ও পৌর নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে সিইসি বলেন, "জাতীয় ও উপজেলা নির্বাচন কীভাবে করব সে বিষয়ে মতামত জানতে আমরা পর্যায়ক্রমে ডিসি, এসপি এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসব। আমরা নিজেরাও মাঠে যাব।" এটিএম শামসুল হুদা জানান, নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আবেদনের শুনানি আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে। তিনি বলেন, "যেসব আবেদন জমা পড়েছে তা খুবই স্বল্পসংখ্যক। এসব আবেদনের শুনানি তিন চারদিনের মধ্যেই সম্ভব।" উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে একইদিনে করা সম্ভব না হলে জাতীয় নির্বাচনের আগে করা হবে বলে জানান তিনি। জুনে সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা বিভাগীয় কমিশনার আজিজ হাসান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. হারুন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হুসাইন জামিল, খুলনা বিভাগীয় কমিশনার ইউনুসুর রহমান, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. আখতারুজ্জামান ও সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জে এন বিশ্বাস, বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকার নয় উপ নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এএল/জিএনএ/১৬১৪ ঘ.