২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

কুমিল্লা-ব্রাহ্মণবাড়া সড়কের বাশমঙ্গল এলাকায় রোববার মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় মা ও ছেলে মারা গেছেন। বগুড়ার শেরপুরে যাত্রীবাহী মিনিবাস উল্টে মারা গেছেন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা-ব্রাহ্মণবাড়া সড়কের বাশমঙ্গল এলাকায় রোববার মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় মা ও ছেলে মারা গেছেন। বগুড়ার শেরপুরে যাত্রীবাহী মিনিবাস উল্টে মারা গেছেন তিনজন। আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে ব্রাহ্মণপাড়ার বাগড়া থেকে কুমিল্লাগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা যায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী এক শিশু (৪)। আহত হয় তার মা (৩০)। হাসপাতালে নেওয়ার পথে মাও মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার অপর চার যাত্রী। তাদের নাম জানা যায়নি। ব্রাহ্মণপাড়া থানা সহকারী পরিদর্শক (এসআই) মাজহার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে নিহতদের কুমিল্লা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু তাদের আত্মীয় স্বজন এসে লাশ নিয়ে যাওয়ায় সেখানে তাদের পাওয়া যায়নি। থানায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি। তিনি জানান, নিহত মা ও ছেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নয়নপুর গ্রামে। বগুড়া প্রতিনিধি জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী মিনিবাস শেরপুরের শালপা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় জয়তুন নামের একজন এবং অজ্ঞাত আরও দুইজন মারা গেছেন। নিহত অজ্ঞাত দুইজনকে ঘটনাস্থল থেকে কে বা কারা নিয়ে গেছে বলে জানান তিনি। তিনি জানান, আহত ১২ জনকে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ওসি আহতদের পরিচয় জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.