সিরাজগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে রাজশাহী বিভাগের জেলা প্রশাসকদের মাসিক সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের বাঘাবাড়ী মিল্কভিটা সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উত্তরাঞ্চলের ১৬টি জেলার প্রশাসকদের (ডিসি) এ সম্মেলনে আইন-শৃঙ্খলা, অপরাধ কর্মকাণ্ড বিষয়ক মামলা, (সিআরপিসি), জেলা পর্যবেক্ষক কমিটির কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালত, প্রধান উপদেষ্টার অগ্রাধিকার তালিকাভুক্ত প্রকল্পসমূহ বাস্তবায়ন, জেলহাজতে আটক শিশুদের উন্নয়ন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগসহ কমপক্ষে ১৯টি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও সচিবরা সমন্বয় সভা করেন।
রাজশাহী বিভাগের কমিশনার মো. হাফিজুর রহমান ভূঁইয়া উভয় সভাতেই সভাপতিত্ব করেন।
নির্বাহী কর্মকর্তারা বিভাগীয় কমিশনারকে নিজ নিজ জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
সভায় মিল্কভিটা কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ বাঘাবাড়ী মিল্কভিটা ইউনিটের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন।
পরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তারা বাঘাবাড়ি এলাকার রেশমবাড়ী দুধ উৎপাদনকারী সমবায় সমিতির খামার পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24