২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ও পৌর নির্বাচন নিয়ে জুনে মাঠে নামছে ইসি

জুনে তফসিল, আর জুলাইয়ের মাঝামাঝিতে ভোট। এ লক্ষ্য নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কাজ গোছাতে শুরু করেছে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে এটাই যে কোনও পর্যায়ে তাদের প্রথম নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনে তফসিল, আর জুলাইয়ের মাঝামাঝিতে ভোট। এ লক্ষ্য নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কাজ গোছাতে শুরু করেছে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে এটাই যে কোনও পর্যায়ে তাদের প্রথম নির্বাচন। প্রথম পর্যায়ে ঢাকা ছাড়া মেয়াদোত্তীর্ণ অপর চারটি সিটি কর্পোরেশন ও ৯টি পৌরসভায় নির্বাচন হচ্ছে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার। তারা জানান, এ সব এলাকায় ভোটার তালিকা ও ভোটকেন্দ্র ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। জুনের প্রথম ভাগে তফসিল ঘোষণা করা হবে। এর সপ্তাহ খানেক আগে উপযুক্ত পরিবেশ তৈরির জন্যে সরকারকে আনুষ্ঠানিক সুপারিশ করবেন তারা। জুলাইয়ে এক যোগে একই দিনে হবে এসব এলাকায় নির্বাচন। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুয়ায়ী, প্রথম পর্যায়ে রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনায় সিটি নির্বাচন হচ্ছে। পৌরসভাগুলো হচ্ছে- শরীয়তপুর, সীতাকুণ্ড (চট্টগ্রাম), কক্সবাজার, গোলাপগঞ্জ (সিলেট), শ্রীপুর (গাজিপুর), ফুলবাড়িয়া (ময়মনসিংহ), মানিকগঞ্জ, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) ও নওহাটা (রাজশাহী)। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যে চার সিটি কর্পোরেশন ও নয় পৌরসভা নির্বাচনে ভোটার তালিকা ও ভোটকেন্দ্র চূড়ান্ত হয়েছে। নির্বাচনের জন্য ফরম, প্যাকেট, ম্যানুয়েল, নির্দেশিকা মুদ্রণসহ অন্যান্য নির্বাচনী প্রস্তুতিও তফসিল ঘোষণার আগেই শেষ হবে।" স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক বিষয়ে ইসি আগামী ২৬ মে উপ-নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে জানিয়ে ছহুল হোসাইন বলেন, "বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামত নেওয়া হবে ও নির্দেশনা দেওয়া হবে। প্রস্তুতি চূড়ান্ত করেই জুনের প্রথমার্ধে এ সব সিটি ও পৌরসভার নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করা হবে। এর আগে জরুরি অবস্থা প্রত্যাহার কিংবা শিথিল যেভাবেই সরকার করুক- নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম চালানোর উপযুক্ত পরিবেশ তৈরির জন্যে আমরা সরকারকে আনুষ্ঠানিক সুপারিশ জানাব।" অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "জুলাইয়ের মাঝামাঝিতে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন ছাড়াও নয়টি পৌরসভার নির্বাচন হবে। একই দিনে এসব নির্বাচন হবে।" ঢাকা সিটি কর্পোরেশন অন্যগুলোর তুলনায় আয়তনে বড় বলে এখানে আলাদা সময়ে নির্বাচন হবে বলে সাখাওয়াত হোসেন জানান। নির্বাচন কমিশনাররা জানান, প্রার্থীদের প্রচারণা চালানোর বিষয়টি বিবেচনায় রেখে ভোট গ্রহণের কমপক্ষে ৪০/৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভার ছবিসহ ভোটার তালিকা ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজ চূড়ান্ত হয়েছে। নির্বাচনের জন্য ফরম, প্যাকেট, ম্যানুয়েল, নির্দেশিকা মুদ্রণ এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রস্তুতিও চূড়ান্ত। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ফরম মুদ্রণ করা যাচ্ছে না বলে কর্মকর্তারা জানান। এ বিষয়ে ছহুল হোসাইন বলেন, "স্থানীয় সরকারের সিটি কর্পোরশেন ও পৌরসভার অধ্যাদেশ- ২০০৮ জারি হয়েছে। রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে- নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা। জুনের প্রথম সপ্তাহের মধ্যে এসব বিধি জারি হতে পারে।" সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশন ও পৌরসভাগুলোয় নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ও প্রস্তুত। তফসিল ঘোষণার আগে যে সব প্রস্তুতি দরকার তাও গুছিয়ে আনা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এমএ/১৬৪০ ঘ.