ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় শুক্রবার সকালে গণপিটুনিতে তিনজন নিহত এবং এক জন আহত হয়েছে। পুলিশ বলছে, গণপিটুনিতে হতাহতরা ডাকাত দলের সদস্য। অন্যদিকে আহতের দাবি, পূর্ব শত্র"তার জের ধরে তাদের ওপর ওই হামলা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বালু নদীর মোহনার নন্দীপাড়ায় ওই গণপিটুনির ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ।
গণপিটুনিতে রাসেল (২৮), লিয়াকত (৩২) ও রফিক (৩২) নামে তিন জন নিহত হন। এদের মধ্যে প্রথম দুজন ঘটনাস্থলেই মারা যান। রফিক মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত সালাউদ্দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
ওসি আবু যাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গণপিটুনিতে হতাহতরা নৌডাকাত। শুক্রবার ভোরে একটি ট্রলারে ডাকাতির সময় এলাকার লোকজন টের পেয়ে যায়। তারপর এলাকাবাসী তাদের ঘিরে ব্যাপক মারধর করে। এতে দুই ডাকাত ঘটনাস্থলে মারা যায়।"
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। হাসপাতালে এক জনের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সালাউদ্দিন দাবি করেন, তার বন্ধু রাসেলের (নিহত) সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধের জের ধরে পরিকল্পিত এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাসেলসহ আমরা চার জন নদীতে একটি ট্রলারে বসে আড্ডা দেওয়ার সময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা 'ডাকাত ডাকাত' বলে লাঠি সোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে।"
এদিকে ওসি আবু যাহিদ জানান, রাসেলের নামে তিনটি এবং রফিকের নামে ছয়টি ডাকাতির মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে নদীতে ডাকাতি করতো। পুলিশ তাদের দীর্ঘদিন ধরে খুঁজছিল।
গণপিটুনির ঘটনায় খিলগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই থানার উপপরিদর্শক মোকতারুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫২২ ঘ.
bdnews24