ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার দায়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামসহ তিন জনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৭ নম্বর বিশেষ আদালতের বিচারক মো. মাতিয়ার রহমান এ রায় দেন।
আসামিদের অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে ১০ বছর করে এবং গুলি রাখার দায়ে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসলাম আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি শরিফুল ইসলাম ও ওহিদুজ্জামান কাজল পলাতক রয়েছেন।
আসলামের স্বীকারোক্তি অনুযায়ী ১৯৯৭ সালের ২৫ মে রাজধানীর আগারগাঁও তালতলার একটি বাড়ি থেকে ১টি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। ওই দিনই মোহাম্মদপুর থানায় আসলাম, শরিফ ও কাজলকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। ওই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আসামি পক্ষের আইনজীবী সাইদুর রহমান মানিক জানান, আসলাম ১৯৯৭ সালের ২৬ মে থেকে কারাগারে আছেন। এর আগে ২০০৬ সালে একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় তার যাবজ্জীবন এবং চলতি বছর অন্য একটি অস্ত্র মামলায় তার আরও ১৭ বছর কারাদণ্ডের আদেশ হয়।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. মাগফুর রহমান শেখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.
bdnews24