২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরনির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা সি এস করিম বলেছেন, খাদ্যে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই; কৃষি জমিকে সুষমভাবে ব্যবহার করেই কেবল এটি সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

পটুয়াখালী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উপদেষ্টা সি এস করিম বলেছেন, খাদ্যে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই; কৃষি জমিকে সুষমভাবে ব্যবহার করেই কেবল এটি সম্ভব। পটুয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'বৃহত্তর বরিশাল ও বাগেরহাট অঞ্চলের পতিত জমিতে ফসল উৎপাদন পরিকল্পনা' বিষয়ক কর্মশালায় বৃহস্পতিবার তিনি এসব মন্তব্য করেন। কৃষি উপদেষ্টা সি এস করিম বলেন, "ক্রমেই আমাদের দেশে আবাদযোগ্য জমির পরিমাণ কমছে। এ পরিস্থিতিতে অবশ্যই কৃষি জমিকে সুষম ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে।" কৃষি মন্ত্রণালয় দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে। বিশ্বে খাদ্য সঙ্কটের কথা তুলে ধরে কৃষি উপদেষ্টা বলেন, "সারাবিশ্ব এখন খাদ্য সঙ্কটের মুখে। এখন অর্থ থাকলেও আন্তর্জাতিক বাজার থেকে খাদ্য কেনা যায় না। এ পরিস্থিতিতে খাদ্যে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই। আর দেশে প্রতিবছর চার লাখ টন চালের চাহিদা বাড়ছে।" বৃহত্তর সিলেটের অনাবাদি জমি চাষের আওতায় আনার উদাহরণ দিয়ে সি এস করিম বলেন, "জমি পতিত রাখা অন্যায়। খাদ্য সঙ্কট মোকাবেলার চ্যালেঞ্জ নিতে হলে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না; আর আমাদের দেশে এটি মোটেও কাম্য নয়।" বরিশাল অঞ্চলে সমন্বিত পরিকল্পনা নিয়ে বরিশালকে শস্য ভাণ্ডারে রূপান্তরিত কারা যাবে বলেও মন্তব্য করেন তিনি। কৃষি উপদেষ্টা বলেন, "প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, জলোচ্ছাস, সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি- এসব আমাদের কৃষি অর্থনীতিতে প্রভাব ফেলছে। এসব কাটিয়ে উৎপাদন বাড়াতে কৃষিতে আধুনিকায়ন ও সংস্কার আনা জরুরি। পাশপাশি সবুজ বিপ্লব ঘটাতে হবে।" কৃষি মন্ত্রণালয়ের সচিব আব্দুল আজিজ বলেন, "চাষযোগ্য জমির পরিমাণ বাড়াতে হলে এসব শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, উৎপাদনমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।" বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক কৃষি জমি অনাবাদি থাকার কারণ হিসেবে জোয়ারের পানি প্রবেশ, লবণাক্ততা বৃদ্ধি, অতিবৃষ্টি, আর্থসামাজিক নানা কারণ তুলে ধরেন। উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। ড. আব্দুর রাজ্জাক জানান, বৃহত্তর বরিশাল ও বাগেরহাটে মোট আবাদি জমির পরিমাণ ৯ লাখ ৬১ হাজার ৯৪৪ হেক্টর। এর মধ্যে বোরো মৌসুমে অনাবাদি থেকে যাচ্ছে ৫ লাখ ১২ হাজার ৭৭৩ হেক্টর। রবি মৌসুমে পতিত থাকে ৩ লাখ ৩১ হাজার ২৫৮ হেক্টর। কর্মশালায় অন্যান্যের মধ্যে কৃষি স