ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ব্যান্ডউইথ ফি মওকুফ ও লাইসেন্স ফি অর্ধেক কমিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বুধবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইন্টারনেট ব্যবহার এবং ব্রডব্যান্ড সংযোগ বাড়ানোর জন্য নতুন করে ব্যান্ডউইথ ও লাইসেন্স ফি সমন্বয় করা হয়েছে।
বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী 'এ' ক্যাটাগরির লাইসেন্স ফি ২ লাখ থেকে কমিয়ে ১ লাখ টাকা এবং নবায়ন ফি ১ লাখ থেকে কমিয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। 'বি-১' ক্যাটাগরির লাইসেন্স ফি ৩০ হাজার এবং নবায়ন ফি করা হয়েছে ১০ হাজার টাকা। এতদিন এই ক্যাটাগরির লাইসেন্স ও নবায়ন ফি দিতে হতো ৫০ হাজার টাকা করে।
এ ছাড়া সারাদেশের জন্য 'ডি' ক্যাটগরির লাইসেন্স ফি ৫ লাখ থেকে কমিয়ে ৩ লাখ এবং নবায়ন ফি ৩ লাখ থেকে কমিয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
আগের নিয়ম অনুযায়ী ব্যান্ডউইথ বরাদ্দ নেওয়ার সময় আইএসপিদের বিটিটিবিকে নির্ধারিত ফি এবং বিটিআরসিকে লাইসেন্স নবায়ন ফি দিতে হতো। এতে করে একই ব্যান্ডউইথের বিপরীতে আইএসপিকে দু'বার ফি গুণতে হতো।
উল্লেখ্য, আইএসপিদের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড থেকে বরাদ্দ নিতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএ/২০৪৭ ঘ.
bdnews24