২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুলাহাজারা সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু

ডুলাহাজারা সাফারী পার্কের সবচেয়ে বড় রয়েল বেঙ্গল টাইগারটি সোমবার রাতে মারা গেছে। পার্ক কর্তৃপক্ষ বলেছে বার্ধক্যজনিত কারণে মারা গেছে বাঘটি। কিন্তু স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, খাদ্যাভাবে বাঘটির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 04:43 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

কক্সবাজার, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডুলাহাজারা সাফারী পার্কের সবচেয়ে বড় রয়েল বেঙ্গল টাইগারটি সোমবার রাতে মারা গেছে। পার্ক কর্তৃপক্ষ বলেছে বার্ধক্যজনিত কারণে মারা গেছে বাঘটি। কিন্তু স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, খাদ্যাভাবে বাঘটির মৃত্যু হয়েছে। সাফারি পার্কের তত্ত্বাবধায়ক শুকলাল চক্রবর্তী জানান, গত এক মাস যাবৎ বাঘটি অসুস্থ ছিল। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুল মতিন ও কক্সবাজার জেলা পশু সম্পদ বিভাগের ডা. ফরহাদ ইকবাল বাঘটির চিকিৎসা করেন। তিনি খাদ্যাভাবে বাঘটির মৃত্যুর কথা অস্বীকার করে বলেন, "বার্ধক্যজনিত কারণে এর মৃত্যু হয়েছে।" ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জাহেদ মো. মালেকুর রহমান জানান, ঢাকা চিড়িয়াখানা থেকে এই বাঘটি সাফারি পার্কে দেওয়া হয়েছিল। এর বয়স হয়েছিল প্রায় ১৫ বছর। সাফারি পার্ক গেইট এলাকার ব্যবসায়ী আবদুর রহমান জানান, বাঘটিকে সরবরাহ করা মাংসের মধ্যে বড় বড় হাড়গোড়ই থাকত বেশি। এতে দিন দিন বাঘটি দুর্বল হয়ে পড়ে। নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এ পার্কের তিনটি বাঘের জন্য প্রতিদিন গড়ে ৩০ কেজি মাংস দেওয়ার কথা থাকলেও প্রতিদিন ১৫/২০ কেজির বেশি সরবরাহ করা হতো না। দীর্ঘদিন যাবত পর্যাপ্ত খাদ্যের অভাবে বাঘটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। খাদ্যাভাবেই বাঘটির মৃত্যু হয়েছে বলেই তারা মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২২৪০ ঘ.