২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: স্পিকার

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

বগুড়া, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। তিনি বলেন, "যেহেতু পার্লামেন্ট নেই এবং প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নির্বাচন কমিশনের সামনে এখন দুইটা দায়িত্ব। এক- প্রেসিডেন্ট নির্বাচন করা। দুই- জাতীয় সংসদ নির্বাচন করা। স্থানীয় সরকার নির্বাচন তাদের অতিরিক্ত দায়িত্ব। দু'চারটা দল যারা নির্বাচন করে জামানত হারায় তারাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে।" সোমবার পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, ২০০৮ সালের মধ্যে নির্বাচন হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়াম লীগ সভানেত্রী শেখ হাসিনা ও জামায়াত নেতা নিজামী ছাড়া নির্বাচন অর্থবহ হবে কি না- এ প্রশ্নের জবাবে স্পিকার বলেন, "এটা একটা গণতান্ত্রিক দেশ। নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক দল অংশ গ্রহণ করবে। অর্থবহ হবে কি না সেটা অন্য বিষয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১০৬ ঘ.