২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক প্রতিনিধিদেরও সংলাপে ডাকুন: বদরুদ্দোজা চৌধুরী

রাজনীতিবিদদের সঙ্গে সরকারের সংলাপে শ্রমিক প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, "মূল সংলাপে নাগরিক সমাজের পাশাপাশি শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করতে হবে। বিকল্পধারা সংলাপে শ্রমিকদের বিষয়গুলো তুলে ধরবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের সঙ্গে সরকারের সংলাপে শ্রমিক প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, "মূল সংলাপে নাগরিক সমাজের পাশাপাশি শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করতে হবে। বিকল্পধারা সংলাপে শ্রমিকদের বিষয়গুলো তুলে ধরবে।" সোমবার তোপখানা রোডে দলের কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন। দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শ্রমিকদের জন্য রেশন চালুর দাবি জানান তিনি। অধ্যাপক চৌধুরী বলেন, "যতক্ষণ পর্যন্ত চালের দাম ২৫ টাকায় না আসছে ততক্ষণ প্রত্যেক শ্রমিককে এক মন করে চাল দিতে হবে। কারণ আর্ন্তজাতিক বাজারের যে অবস্থা তাতে আগামীতেও চাল ও গমের দাম কমবে বলে মনে হয় না। শ্রমিকদের অবশ্যই শ্রমের মর্যাদা দিতে হবে।" আগামী নির্বাচনের মাধ্যমে একটি অর্থবহ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশের মানুষ গণতান্ত্রিক সরকার দেখতে চায়। তবে তা যেন বিগত জোট সরকারের মতো না হয়।" এর আগে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতারা দ্রব্যমূল্য না কমা পর্যন্ত শ্রমিকদের জন্য রেশন চালুর দাবি জানান। সব প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড পরিচালনার অধিকার ফিরিয়ে দেয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিকল্প শ্রমজীবী ধারা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আজিজুর রহমান আখন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিকল্পধারার ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ওসমান গণি, বিকল্প শ্রমজীবী ধারার ভারপ্রাপ্ত সদস্য সচিব আয়নুল হক, শ্রমিক নেতা জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএ/২০০৬ ঘ.