ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোটারিয়ানরা বাংলাদেশে প্রয়োজনের সময় আর্ত মানবতার সেবা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট উইলফ্রিড জে উইলকিনসন।
সোমবার রাজধানীর হোটেল শেরাটনে সফর শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। উইলকিনসন গত শুক্রবার বাংলাদেশে আসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এটা ছিল চমৎকার একটি সফর।"
উইলকিনসন জানান, অর্থনীতি ও শিক্ষা খাতে বাংলাদেশের অগ্রগতি নিয়ে রোববার রাষ্ট্রপতির সঙ্গে তার আলোচনা হয়েছে। তবে কোনো রাজনৈতিক বিষয়ে তারা আলোচনা করেননি বলে জানান তিনি।
পোলিও দূরীকরণে বাংলাদেশের রোটারিয়ানদের কার্যক্রমেরও প্রশংসা করেন তিনি।
রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট রোববার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করেন। এছাড়া সংগঠনের বাস্তবায়নাধীন কয়েকটি প্রকল্পও পরিদর্শন করেন তিনি।
রোটারি ইন্টারন্যাশনালের সোমবারের এক বিবৃতিতে জানানো হয়, মানবাধিকার রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রোটারিয়ানদের কার্যক্রমের জন্য রোটারি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।
এছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশে রোটারির কার্যক্রমের প্রশংসা করে সিডর পুনর্বাসন কার্যক্রমের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উইলফ্রিড জে উইলকিনসন একজন অবসরপ্রাপ্ত চাটার্ড অ্যাকাউটেন্ট। তিনি ক্যানাডার উইলকিনসন্স অ্যান্ড কোম্পানির একজন প্রতিষ্ঠাতা অংশীদার। রয়েল ক্যানাডা মিলিটারি ইন্সটিটিউটের সদস্যও তিনি।
উইলকিনসন ১৯৬২ সালে রোটারি ক্লাবের সদস্য হন। মানব সেবায় অবদানের জন্য ক্যানাডার গভর্নর জেনারেল ২০০৭ সালে তাকে 'মেম্বার অফ দি অর্ডার অব ক্যানাডা' সম্মানে ভূষিত করেন, যা দেশটির বেসামরিক নাগরিকদের জন্য সর্বোচ্চ সম্মান।
রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের একটি স্বেচ্ছাশ্রমভিত্তিক সংগঠন। মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে এ সংগঠন।
১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রোটারি ক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারাবিশ্বে ৩৩ হাজার রোটারি ক্লাবের সদস্য সংখ্যা প্রায় ১২ লাখ। এর মধ্যে বাংলাদেশের ১৫৫টির বেশি রোটারি ক্লাবের সদস্য সংখ্যা প্রায় চার হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিএইচ/জেকে/এমএ/২০০৫ ঘ.
bdnews24