ঢাকা, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---শুভ বুদ্ধ পূর্ণিমা সোমবার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় তিথি। প্রায় আড়াই হাজার বছর আগে নেপালে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভের সঙ্গে জড়িত এই দিন।
মানুষের অপরিসীম দুঃখ-দুর্দশা, রোগ-জরা দেখে জীবনের উদ্দেশ্য ও সার্থকতা সম্পর্কে প্রশ্ন জাগে তরুণ রাজপূত্র গৌতম বুদ্ধের মনে। ২৯ বছর বয়সে প্রাসাদ ছেড়ে সংসার ত্যাগী হন তিনি। তপস্যার পর বুদ্ধগয়ায় এক বৃক্ষতলে মহাজ্ঞান লাভ করেন । আবার এই তিথিতেই গৌতম লাভ করেন নির্বাণ বা মুক্তি।
বাংলাদেশে এটি সরকারি ছুটির দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করছে। বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল পাঁচটায় সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধবিহারে আছে আলোচনা সভা। মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের আয়োজন করেছে অনুষ্ঠান। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ বিশ্ব শান্তি পরিষত এ উপলক্ষে কালাচাঁদপুর সর্বজনীন বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১০১৮ঘ.
bdnews24