ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী জুন মাসের মধ্যে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে সংলাপ শেষ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের জিল্লুর রহমান বলেন, "২২ মে সংলাপ শুরু হলে আগামী জুন মাসের মধ্যে সব রাজনৈতিকদল ও নাগরিক সমাজের সঙ্গে সংলাপ শেষ করা হবে।"
তিনি বলেন, "জাতীয় সংলাপে অংশ নেওয়ার জন্য এ পর্যন্ত তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নাম পাওয়া গেছে। দল তিনটি হলো ওর্য়াকার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ ও জাসদ (ইনু)।"
জিল্লুর রহমান বলেন, আগামী ২২ ও ২৫ মে এই দলের সঙ্গে সংলাপ হবে। তিনটি দলের মাধ্যমে সংলাপের প্রক্রিয়া শুরু হলে তা পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।
জিল্লুর রহমান জানান, কিছু দলের প্রতিনিধিদের নাম পাওয়া গেলেও এখনও সব দলের প্রতিনিধিদের নাম পাওয়া যায়নি। অন্য দলের প্রতিনিধিদের নামের তালিকা পাওয়া গেলে পর্যায়ক্রমে তাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
সব দল সংলাপে অংশ নেবে আশা প্রকাশ করে জিল্লুর রহমান বলেন, "আমরা সবাই চাই একটা সমাধানে আসতে। সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোও আগ্রহী।"
যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সফলতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন," সংলাপ সফল হবেই। রাজনৈতিক দলগুলো সংলাপে আসবে। সংলাপে সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের চেষ্টা করা হবে।"
যোগাযোগ মন্ত্রণালয়ে গোলাম কাদের বলেন, "নির্বাচন পরবর্তী সরকার কিভাবে চলবে, হরতালের বিষয়ে রাজনীতিবিদদের কি অবস্থান হবে, দেশের অর্থনৈতিক উন্নয়নে করনীয় কি হবে এসব বিষয়ে সংলাপে সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের চেষ্টা করা হবে।"
বড় দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের দুই নেত্রীর মুক্তির যে দাবি তোলা হয়েছে তাতে সরকারের অবস্থান কি সে ব্যাপারে প্রশ্ন করলে কোন মন্তব্য করেননি গোলাম কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৪০৬ঘ.
bdnews24