ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার আসামি সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও মতিউর রহমান নিজামীর আগাম জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করবে হাইকোর্ট।
রোববার দুপুর ২টায় এই শুনানি অনুষ্ঠিত হবে।
জামিন আবেদনের শুনানিতে উপস্থিত থাকতে এম কে আনোয়ার এবং শামসুল ইসলাম সকালে হাইকোর্টে যান। এতে অংশ নিতে দুপুরে আদালতে হাজির হয়েছেন নিজামী।
সকালে বিচারপতি শেখ রেজোয়ান আলী এবং বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে তিনটি জামিনের আবেদন শুনানির জন্য জমা দিলে দুপুর ২টায় শুনানি গ্রহণ করা হবে বলে জানায় আদালত।
জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর পক্ষে আবেদন জমা দেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এম কে আনোয়ার ও শামসুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান আবেদন জমা দিয়েছেন।
বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী আদালতে উপস্থিত রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের বেঞ্চ এম কে আনোয়ার ও শামসুল ইসলামের জামিনের আবেদন গ্রহণ না করার ব্যাখ্যায় জানায়, জরুরি বিধিমালার মামলায় অভিযুক্তর জামিন আবেদন উচ্চ আদালতও বিবেচনা করতে পারবে না। আপিল বিভাগ এ রকম একটি রায় দিয়েছে। তাই এই আদালত এ জামিন আবেদনের শুনানি করতে পারবে না।
এরপর বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটি জমা দেয়া হলে তারা জানান, বৃহস্পতিবার এই আবেদন শুনানির জন্য গ্রহণ করা সম্ভব নয়।
এদিকে গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে কারাগারে থাকা সব আসামিকে আগামী ২২ মে আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে।
কমিশন গত ১৩ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১২ জনকে পলাতক দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএইচডি/আরএ/
bdnews24