যশোর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে শনিবার যশোরের পাঁচ উপজেলায় অর্ধ শতাধিক আহত হয়েছে। ঝড়ে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সব্জী ক্ষেত, আমের ফলন ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বহু বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হল- কেশবপুর, মনিরামপুর, ঝিকরগাছা, শার্শা ও অভয়নগর।
রাজগঞ্জ পল্লী বিদ্যুৎ ইউনিটের কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
ঝড়ে গাছ ও দেওয়াল চাপা পড়ে আহত ৫ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। ৩৫ জন চিকিৎসাধীন আছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
বিকেল ৩টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি এবং বাতাস বইতে শুরু করে। পৌনে চারটার দিকে শুরু হওয়া এ ঝড় পাঁচ মিনিটের মতো স্থায়ী ছিল।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও নিরূপণ করা হয়নি। তবে বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ উড়ে গেছে। সব্জী ক্ষেত, আম ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রহমান ও ঝাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালবৈশাখী ঝড়ে ওই দুই ইউনিয়নের প্রায় দেড়শ' বাড়ি ধসে পড়েছে। বহু বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৩১ঘ.
bdnews24