২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে লাফিয়ে পড়ে দুই যাত্রীর মৃত্যু

বিকট শব্দে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে আত্মরক্ষার চেষ্টাকালে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেন যাত্রী নিহত এবং অপর ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকট শব্দে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে আত্মরক্ষার চেষ্টাকালে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেন যাত্রী নিহত এবং অপর ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিষ্ণুপুরের নাঈম (৯) ও নোয়াখালীর চাটখিল উপজেলার আফলাতুন কাউসার হীরা (২৫)। আহতদের মধ্যে শীলা বেগমকে আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খান জানান, সকাল ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্ত:নগর মহানগর প্রভাতি ট্রেনটি সদর রসুল পুর ও রাজাপুর রেলষ্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে ট্রেনের একটি বগিতে বিকট শব্দ হয়। শব্দ শুনে যাত্রীরা আতঙ্কিত হয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। এতে অন্তত ১২ যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় নাঈম ও হীরাকে আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে আখাউড়া জি আর পি থানায় পৃথক দু'টি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি আবু তাহের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.