২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আঞ্চলিক বৈষম্য দূরীকরণে আসন্ন বাজেটে সুদূরপ্রসারী দিক নির্দেশনা থাকবে'

আঞ্চলিক বৈষম্য দূর করতে আসন্ন জাতীয় বাজেটে সুদূরপ্রসারী দিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

সিলেট, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক বৈষম্য দূর করতে আসন্ন জাতীয় বাজেটে সুদূরপ্রসারী দিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। তিনি বলেন, "জাতি হিসেবে আমরা কখনোই আঞ্চলিক বৈষম্যকে গুরুত্ব দেইনি। ভবিষ্যতে যাতে এই বিষয়টি রাজনৈতিক বা সামাজিকভাবে ভয়াবহ আকার ধারণ না করতে পারে তাই আঞ্চলিক বৈষম্য দূর করতে আগামী বাজেটে সুদূরপ্রসারী দিক নির্দেশনা থাকবে।" শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "জাতীয় উন্নয়নের দীর্ঘ মেয়াদী লক্ষ্যকে সামনে রেখে আগামী বাজেট প্রণয়ন করা হবে। দারিদ্র্য নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আগামী বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবসম্পদ উন্নয়ন ও বিদ্যুৎখাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।" অর্থ উপদেষ্টা বলেন, "কোনো দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়, যদি না সেই দেশের মানবসম্পদের দিকে নজর দেওয়া হয়। আর মানবসম্পদ উন্নয়নের জন্য অবশ্যই সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে শিক্ষা ও স্বাস্থ্যখাতকে।" তিনি বলেন, আগামীর বাজেটে মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি পরিবহন খাতকেও গুরুত্ব দেওয়া হবে। এছাড়া কৃষকদের কথা চিন্তা করে এবার ভর্তুকির পরিমাণ আরও বাড়ানো হবে। নাগরিকদের স্বার্থে বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.