কক্সবাজার, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ সীমান্ত এলাকায় নাফ নদীতে বাংলাদেশ রাইফেলস সদস্যদের (বিডিআর) গুলিতে দুইজন নিহত হয়েছে। বিডিআর বলছে, নিহতরা চোরকারবারী। তাদের কাছ থেকে ১০ বস্তা পোস্তা দানা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৭টার দিকে নাফ নদীর আড়াই নম্বর স্লুইচ গেটের কাছে এ ঘটনা ঘটে।
টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিব হাসান জানান, বিডিআরের টহল দল রাত সোয়া ৭টার দিকে নাফ নদীতে চোরাই পণ্যবাহী একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিডিআর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিডিআরও পাল্টা গুলি ছুড়লে দুই চোরাকারবারী নিহত হয়।
ওই বিডিআর কর্মকর্তা বলেন, "চোরাই পণ্যবাহী ট্রলারটি আটক করার পর দেখা যায় সেখানে দু'টি লাশ পড়ে আছে। ট্রলারটি থেকে ১০ বস্তা পোস্তা দানা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাই পথে ওগুলো বাংলাদেশে আনা হচ্ছিল।"
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫২ ঘ.
bdnews24