চুয়াডাঙ্গা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে বৃহস্পতিবার রাতে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত চার আসামি পালিয়ে গেছেন। সারাদেশে আসামিদের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য বিডিআরকে অনুরোধ করেছে পুলিশ।
পালিয়ে যাওয়া আসামিরা হলেন- কুষ্টিয়া হাউজিং এস্টেট এলাকার আব্দুর রহমানের ছেলে টগর বাহিনী প্রধান আশিকুর রহমান টগর (৪৫), সদর উপজেলার নতুন ভাণ্ডারদোহা গ্রামের মনসুর আলীর ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ক্যাডার আক্তারুজ্জামান সোহাগ (৪০), যাদবপুর গ্রামের বাহার আলীর ছেলে চরমপন্থি নেতা আব্দুল হামিদ (৪২) এবং আলমডাঙ্গা উপজেলার ঘাসকররা গ্রামের মোসলেম আলীর ছেলে চরমপন্থী দলের নেতা জুরাত আলী বাচ্চু (৪৩)।
এদের মধ্যে টগর ৫০ বছর, সোহাগ ৮০ বছর, হামিদ ৪৪ বছর ও বাচ্চু ৭০ বছরের সাজাপ্রাপ্ত।
চুয়াডাঙ্গা কারাগারের তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার সময় 'দুর্র্ধষ' নামে একটি কক্ষের দেয়ালের ইট খুলে এবং সীমানা প্রাচীর টপকে চার আসামি পালিয়ে যান। কক্ষের দেয়ালের ইট কিভাবে এবং কি দিয়ে খুলেছে তা তিনি জানাতে পরেননি। তবে কম্বল জোড়া দিয়ে তারা সীমানা প্রাচীর পার হয়েছেন বলে জানান তিনি।
শহিদুল ইসলাম আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে দুর্বল অবকাঠামো ও নিরাপত্তার দুর্বলতার কারণে আসামিরা পালিয়ে যেতে পেরেছে।
ঘটনার পর জেলা প্রশাসক মোখলেসুর রহমান, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ এবং যৌথবাহিনী ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুক্রবার বিকেলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান চুয়াডাঙ্গা যান।
পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনা জানিয়ে সারাদেশে আসামিদের ছবিসহ পুলিশকে বার্তা পাঠানো হয়েছে। সকল স্থল ও বিমান বন্দরে আসামিদের রঙ্গিন ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। বাংলাদেশ রাইফেলসকে (বিডিআর) দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত বন্ধ করে দিতে বলা হয়েছে।"
জেলা প্রশাসক মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুভাস সাহা এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দীপঙ্কর সাহার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24