ব্রাহ্মণবাড়িয়া, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি থেকে শুক্রবার দুপুরে আরও এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
এ নিয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা নয়জনে দাঁড়ালো।
আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মহিলার পরিচয় পাওয়া যায়নি। লাশের খোঁজে কেউ আসেনি বলেও তিনি জানান।
মঙ্গলবার রাতে আশুগঞ্জ রেলস্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস রাত সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24