ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব বিদ্যুৎ কেন্দ্র নির্ধারিত সময়ে চালু হয়নি বা হতে পারছে না, তাদের উদ্যোক্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আর্থিক জরিমানা করা হবে।
নির্মাণাধীন ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার বিদু্যুৎ বিভাগে এক বৈঠকের পর বিদ্যুৎ সচিব এম ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে না পারলে কেন্দ্রগুলোর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেব আমরা। তাদের সঙ্গে চুক্তিতেই শাস্তির বিধান রয়েছে।"
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, নির্মানাধীণ ছয়টি ভাড়া বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কেবল একটি নির্ধারিত সময়ে চালু হওয়ার পর্যায়ে রয়েছে। বাকি পাঁচটিই নির্ধারিত সময়ে চালু হচ্ছে না।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কেবল খুলনা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটিই চুক্তি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে চালু হতে পারে। আগামী ২৭ মে এ কেন্দ্রটির উৎপাদনে যাবে।
এছাড়া কুমারগাঁও ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটিও চালু হবে এ মাসের শেষ দিকে। চুক্তি অনুযায়ী ১৪ মে এ কেন্দ্র চালু হওয়ার কথা ছিল।
এছাড়া শাহজীবাজারের ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ১৫ জুন ও ফেঞ্চুগঞ্জ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১৫ জুলাই চালু হবে। ১৫ মে থেকে এ দুটি কেন্দ্রের উৎপাদনে যাওয়ার কথা ছিল।
একইভাবে বগুড়া ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ২৩ মে'র বদলে ১৫ জুলাই এবং ভোলা ৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ১৫ মে'র পরিবর্তে ১৫ জুুলাই উৎপাদনে যাবে।
ফেঞ্চুগঞ্জ, কুমারগাঁও, শাহজীবাজার ও বগুড়ায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান এনার্জি প্রিমা। খুলনায় করছে এগ্রেকো এবং ভোলায় করছে কালটিম্যাক্স নামের একটি প্রতিষ্ঠান।
সরকার গত জানুয়ারি মাসে এসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি করে। চুক্তির শর্ত ছিল, ১২০ দিনের মধ্যে এসব কেন্দ্রের উৎপাদনে যেতে হবে, তা না হলে আর্থিক জরিমানা করা হবে।
চুক্তি অনুযায়ী, এনার্জি প্রিমা শাহজীবাজার কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ৪ দশমিক ৫১ সেন্টে, কুমারগাঁও এর বিদ্যুৎ ৪ দশমিক ১৪৮ সেন্টে, ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ ৪ দশমিক ৬৫ সেন্টে এবং বগুড়ার বিদ্যুৎ ৩ দশমিক ৬ সেন্টে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিক্রি করবে। এছাড়া কাল্টিম্যাক্স অ্যানার্জি ও জিবিবি কনসোর্টিয়াম ভোলা কেন্দ্রের বিদ্যুৎ ৫ দশমিক ১৯৮ সেন্টে, এগ্রেকো খুলনা কেন্দ্রের বিদ্যুৎ ১৯ দশমিক ৭১ সেন্টে পিডিবিকে দেবে।
সরকার তিন বছর এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে।
রেন্টাল পাওয়ার প্ল্যান্ট (আরপিপি) হিসাবে পরিচিত এসব বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি বরাদ্দ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এছাড়া সরকার সহজ শর্তে গ্যাস সরবরাহ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০০৬ ঘ.
bdnews24