২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম কে আনোয়ার ও শামসুল ইসলামের আগাম জামিন আবেদন

গ্যাটকো দুর্নীতি মামলার আসামী সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন দুটি দায়ের করা হয়। হাইকোর্টের দুইটি বেঞ্চে বৃহস্পতিবারই আবেদন দুটির শুনানি করার জন্য চেষ্টা করেছেন তাদের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 06:02 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গ্যাটকো দুর্নীতি মামলার আসামী সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন দুটি দায়ের করা হয়। হাইকোর্টের দুইটি বেঞ্চে বৃহস্পতিবারই আবেদন দুটির শুনানি করার জন্য চেষ্টা করেছেন তাদের আইনজীবীরা। তবে একটি বেঞ্চ আগাম জামিনের আবেদন গ্রহণ করবেন না বলে জানিয়েছে। অপর বেঞ্চ বলেছেন, এ ধরনের আবেদন তারা রোববার শুনানির জন্য গ্রহণ করেন। গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, মান্নান ভুঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ২২ মে কারাগারে থাকা সব আসামিকে আদালতে হাজির এবং পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা সে সম্পর্কিত তথ্য আদালতে দাখিল করার জন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট আদালতের সেরাস্তা সহকারী নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বৃহস্পতিবার সকাল ১০টায় মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতদের বিচারক মো: আজিজুল হক এ আদেশ দেন। গত ১৩ মে গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে সাবেক নৌ পরিবহনমন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। অভিযোগপত্রে এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১২ জনকে পলাতক দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/