ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ হবে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কার্যালয়ে। প্রতিটি দল থেকে সর্বোচ্চ ৭ জন প্রতিনিধি এতে অংশ নিতে পারবেন।
বুধবার স্থানীয় সরকার উপদেষ্টার কার্যালয়ে সংলাপ অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত পাঁচ উপদেষ্টার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এ বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ২২ মে থেকে জাতীয় সংলাপ অনুষ্ঠানের জন্য প্রস্তুতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংলাপের স্থান নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রস্তাবনা থাকলেও শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালকেই চূড়ান্ত করা হয়েছে।"
তিনি জানান, রাজনৈতিক দলগুলো কে কখন সংলাপে অংশ নেবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে কিছু চূড়ান্ত হয়নি। দু'এক দিনের মধ্যেই একটি সূচি চূড়ান্ত করা হবে।
সূচি চূড়ান্ত করার পর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে বলে হোসেন জিল্লুর জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "গত দুদিনে ২০টির মতো রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রাক-সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী দলগুলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে।"
তিনি জানান, প্রতিটি দল থেকে সর্বোচ্চ ৭ জন প্রতিনিধিকে সংলাপে আসার জন্য আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।
তবে নাগরিক সমাজের প্রতিনিধিদের তালিকা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/এমএ/১৬৩০ ঘ.
bdnews24