চাঁদপুর, মে ১২ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)-- চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক সহিদুল করিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৩৫) বর্তমানে পলাতক। তার বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার চরপোয়া গ্রামে।
আব্দুর রহিম এক লাখ টাকা যৌতুক চেয়ে না পেয়ে ২০০৫ সালের ২৩ অক্টোবর তার স্ত্রী শিল্পী আক্তারকে হত্যা করেন। এ ঘটনায় শিল্পীর বাবা নাসির আহমদ গাজী ওই বছরের ৬ ডিসেম্বর চাঁদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত বিষয়টি তদন্তের জন্য ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদুল হক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) এ কে খালেদ। তাকে সহায়তা করেন এপিপি মো. মকবুল হোসেন ও মো. মুক্তার আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৩৫ ঘ.
bdnews24