মৌলভীবাজার, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য সংকট নিরসনে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু উপযোগী শস্য উৎপাদন গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা সি এস করিম।
বুধবার মৌলভীবাজারের শহীদ জিয়া মিলনায়তনে 'বাংলাদেশের কৃষি ও কৃষক: বিশেষ প্রেক্ষিত মৌলভীবাজার জেলা' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশ উন্নয়ন পরিষদ ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা সম্ভাবনাময় দক্ষিণ এশিয়া (ইনসা) ছিল এ সভার আয়োজন করে।
কৃষি উপদেষ্টা বলেন, "বাংলাদেশে প্রতিবছর চার লাখ টন করে খাদ্য চাহিদা বাড়ে। অনাবাদী জমি চাষ করে শুধু মৌলভীবাজারেই বছরে দু'লাখ টন বোরো উৎপাদন সম্ভব।"
আগামী দিনে জলবায়ু পরিবর্তনের কারণে উৎপাদন ব্যবস্থা আরও কঠিন হবে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, "আমাদের নতুন ধরনের ব্যবস্থা নিতে হবে। কোনো জমি ফাঁকা রাখা যাবে না। একই জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করা শিখতে হবে।"
উপদেষ্টা আরও বলেন, কৃষকদের শ্রমের মর্যাদা এবং বিনিয়োগ করা অর্থ ফেরত দিতে না পারলে তারা আগামীবার আর উৎপাদন করবে না।
ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সারের দাম আরও বাড়বে উল্লেখ করে উপদেষ্টা সার-সাশ্রয়ী কৃষি ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন। তিনি বলেন, এজন্য জৈব সার ব্যবহারের কায়দা শিখতে হবে।
মতবিনিময় সভায় জেলার কৃষকদের সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি।
ইনসার আঞ্চলিক স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. আল কামা সিদ্দীকী, অ্যাকশন এইডের কর্মকর্তা আসগর আলী সিদ্দীকী, বাংলাদেশ উন্নয়ন পরিষদের সিনিয়র ফেলো সৈয়দ শাহ হাবিবুল্লাহ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. আব্দুর সাত্তার মণ্ডল। সভায় মূল প্রবন্ধ পড়েন মৌলভীবাজার জেলার কৃষি বিভাগের উপ-পরিচালক লক্ষ্মীকান্ত পণ্ডিত।
বেলা তিনটার দিকে জেলার একাটোনা ইউনিয়নের সিংকাপুর ও শ্যামরার বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মনু সেচ প্রকল্পের অধীনে বোরো কাটা কর্মসূচি উদ্বোধন করেন উপদেষ্টা।
সিএস করিম এর পর সীমান্তবর্তী চাঁনপুর গ্রামে মনু নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ভাঙন মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সি এস করিম বলেন, "ভারতের সঙ্গে এ নিয়ে আলোচনা করে কাজ করা হবে এবং যৌথ নদী কমিশনের আগামী বৈঠকেই বিষয়টি উত্থাপন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/টিএইচ/এসকে/১৯৫১ঘ.
bdnews24