ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে জানাতে বুধবার দুপুরে বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবিরও সিইসির সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দু'ঘণ্টা বৈঠক শেষে এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানান, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন এবং রোডম্যাপ অনুযায়ী আগামী নির্বাচনের অনুষ্ঠানের প্রস্তুতিসহ কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।
তিনি বলেন, "রাষ্ট্রপতিকে আমরা জানিয়েছি, এরইমধ্যে দেশের ৮৩ শতাংশ ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। বাকিদের তালিকাভুক্তির কাজ জুন মাসের মধ্যে শেষ হবে। সব মিলিয়ে আগামী অক্টোবরের মধ্যেই ছবিযুক্ত ভোটার তালিকার কাজ শেষ হবে বলে আশা করছে কমিশন।"
প্রধান নির্বাচন কমিশনার জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কমিশনের প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। বিভিন্ন সংসদীয় আসমের সীমানা পুনর্নির্ধারণের বিষয়েও তাকে জানানো হয়েছে।
সিইসি বলেন, "রাষ্ট্রপতি আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আসন সীমানা পুনর্নির্ধারণ সম্পর্কিত উপস্থাপনাটি দেখেন। রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কমিশনের সার্বিক কর্মকাণ্ডে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।"
আলোচনার সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সিরাজুল ইসলাম, সামরিক সচিব মোহাম্মদ আমিনুল করিম, প্রেস সচিব আবদুল আওয়াল হাওলাদার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৬৫১ঘ.
bdnews24