২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বরগুনায় পৃথক অভিযানে হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ ও বরগুনার আমতলীতে সোমবার রাতে পৃথক অভিযানে দুই কেজি হেরোইন, একটি দোনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

পটুয়াখালী, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বরিশালের বাকেরগঞ্জ ও বরগুনার আমতলীতে সোমবার রাতে পৃথক অভিযানে দুই কেজি হেরোইন, একটি দোনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির হাওলাদার(৩০), জহির হাওলাদার(২৫), ফুলবানু, নান্নু খাঁ (৩৫) ও হানিফ খাঁ (৬০)। মঙ্গলবার পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্য মেজর হাবিব সাংবাদিকদের জানান, র‌্যাব সদস্যরা সোমবার রাত সাড়ে ১১টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মেউর গ্রামের খলিশাখালী খালপাড় থেকে দুই কেজি হেরোইন উদ্ধার ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে নাসির হাওলাদার, জহির হাওলাদার ও ফুলবানুকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত হেরোইনের দাম আড়াই কোটি টাকা হতে পারে বলে তিনি জানান। তিনি জানান, বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে সোমবার রাতে অভিযান চালিয়ে একটি দোনালা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ গাজীপুর গ্রামের চান মিয়ার ছেলে নান্নু খাঁ এবং দক্ষিণ গাজীপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে হানিফ খাঁ। আমাদের বরগুনা প্রতিনিধি র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল আলমের বরাত দিয়ে জানান, সোমবার রাত সাড়ে এগারোটায় এএসপি জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ছয় রাউন্ড গুলিসহ একটি দেশি তৈরি দোনালা বন্দুক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সাগরে জলদস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের পরে মঙ্গলবার তাদের পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা খায়রুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২৫ ঘ.