ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্র্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বলেছেন, চট্টগ্রামে নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। পাশাপাশি এ মুহূর্তে জেলা শহরগুলোর নতুন এলাকায় আবাসিক সংযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
ব্যবসীয়দের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত 'বর্তমান বিদ্যুৎ খাতের চিত্র এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ম. তামিম বলেন, "এ মুহূর্তে চট্টগ্রামে নতুন শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। যেগুলোর বিষয়ে আগে সিদ্ধান্তহয়েছে সেখানেই কেবল সংযোগ দেওয়া হবে। ঢাকাতেও সংযোগ দেওয়া হচ্ছে ধীর গতিতে। তবে সঙ্কট সমাধানের চেষ্টা চলছে। আশা করি সামনে গ্যাস সরবরাহ বাড়বে।"
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এ মন্তব্যে হতাশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, এর প্রতিক্রিয়া হবে খুবই গুরুতর।
এদিকে, জ্বালানি বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলমান সঙ্কটের কারণে গ্যাস সংযোগ দেওয়ায় কৃচ্ছসাধনের বর্তমান চেষ্টা সাময়িক। দু'মাস পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।"
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তামিম বলেন, "সিএনজি ও শিল্প ছাড়া অন্যান্য খাতে গ্যাসের ব্যবহার সীমিত করা উচিত। জেলা শহরের নতুন এলাকায় আবাসিক সংযোগ দেওয়া এখন উচিত নয়।"
অধ্যাপক তামিম বলেন, "আমাদের প্রথম জ্বালানি নীতিতে একটি মৌলিক ভুল ছিল। দেশীয় অর্থনীতিকে সমর্থন করার জন্য নাকি রাজস্ব বৃদ্ধির জন্য দেশীয় জ্বালানি ব্যবহার হবে সেটি ওই নীতিতে পরিষ্কার করা হয়নি। এক্ষেত্রে আমার মত, দেশের অর্থনীতিকে সমর্থন করার জন্যই কেবল দেশীয় জ্বালানি ব্যবহার করা উচিত।"
দেশে বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য ৬০০ থেকে ৮০০ মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি আনিসুল হক ম. তামিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, "গ্যাস সংযোগ না দেওয়া আমাদের জন্য খুবই হতাশা জনক। নতুন শিল্পের জন্য গ্যাস-বিদ্যুতের প্রয়োজন। নতুন সংযোগ না দিয়ে চট্টগ্রামে বিনিয়োগ নিরুসাহিত করা হচ্ছে। এটা শুভ সংবাদ নয়। এর প্রতিক্রিয়া হবে গুরুতর।"
সেমিনারে বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান দাবি করেন, সেচ মৌসুম শেষ হলেই বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির স্বাভাবিক হয়ে আসবে।
তিনি বলেন, "১৫ মে থেকে সেচ মৌসুম শেষ হবে। এরপর থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশাকরি। পরিস্থিতি মোকাবেলায় মে-জুন নাগাদ ১৫০-২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়বে। চলতি বছরের শেষ নাগাদ মোট বিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০৬৫ মেগাওয়াট।"
পেট্রোবাংলা চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, "২০১১ সালের পর গ্যাসের সঙ্কট তৈরি হবে। চাহিদার সঙ্গে উৎপাদন বাড়েনি। এ চাহিদার সঙ্গে গতি মেলানো খুবই কঠিন।"
সেমিনারে অন্যদের মধ্যে জাপানের রাষ্ট্রদূত মাসাউকি ইনোয়ে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম, সামিট পাওয়ারের ব্যবস্থাপন পরিচালক তাওহিদুল ইসলাম, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক বিডি রহমত উল্লাহ বক্তব্য দেন।
মূল প্রবন্ধ পড়েন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম রেজওয়ান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসএনডি/১৯২৫ ঘ.
bdnews24