২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুর এলাকার এক গৃহকত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছে কিশোরী পরিচারিকা মারুফা (১৪)। রোববার ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা হেফাজতে পাঠিয়েছে র‌্যাব সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 06:01 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মোহাম্মদপুর এলাকার এক গৃহকত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছে কিশোরী পরিচারিকা মারুফা (১৪)। রোববার ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা হেফাজতে পাঠিয়েছে র‌্যাব সদস্যরা। মোহাম্মদপুর থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মারুফা জানায় সে ময়মনসিংহের নান্দাইলে একটি স্কুলের অষ্টম শ্রেণীতে পড়তো। কিন্তু বাবা আবার বিয়ে করায় তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এরপর এক প্রতিবেশীর সহায়তায় তিন মাস আগে ঢাকায় এসে ব্যবসায়ী তারেক আহমদের ফ্ল্যাটে গৃহপরিচারিকার কাজ নেয়। কাজ নেওয়ার পর গত তিন মাসে গৃহকর্ত্রী সোনিয়ার নানা রকম নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে মারুফা। ওই বাড়িতে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে মারুফা বলেছে , "খুন্তি গরম করে আমার শরীরে ছ্যাঁকা দিতো। মাথার চুল ধরে দেয়ালের সঙ্গে ঠুকতো। বাড়ি যেতে চাইলে বলতো, আমার লাশ পাঠাবে।" মারুফা জানায়, ঘুম থেকে উঠতে দেরি হলে অথবা সোনিয়ার ছোট বাচ্চা কেঁদে উঠলেই তাকে নির্যাতন করা হতো। প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে অত্যাচার চলতো। মারুফার ভাষ্য অনুযায়ী, রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সোনিয়া তার মাথার চুল ধরে দেয়ালে ঠোকেন। এরপর সে অত্যাচার থেকে বাঁচতে কৌশলে প্রথমে ছাদে যায় এবং সুযোগ বুঝে নিচ নেমে আসে। তার অবস্থা দেখে টহলরত র‌্যাব সদস্যরা এগিয়ে এলে সব কিছু খুলে বলে মারুফা। র‌্যাব সদস্যরা তাকে পুলিশের হেফাজতে তুলে দেয় । মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মারুফার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।" পুলিশ কর্মকর্তা জানান, মারুফার গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তার আত্মীয়-স্বজন এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে গৃহকর্ত্রী সোনিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সোনিয়ার মামা ডা. কিউ এ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্যাতনের খবর মিথ্যা। তার শরীরে যেসব দাগ রয়েছে সেগুলো তার সৎ মায়ের নির্যাতনের চিহ্ন। সৎমায়ের অত্যাচারেই সে গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় আসে।" তিনি বলেন, "সোনিয়া আমাকে বলেছে, মারুফাকে সে নিজের মেয়ের মতোই দেখত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/২৩৫৩ঘ.