ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৫৪১টি ভোটার নিবন্ধন এলাকার মধ্যে ৩৩১টিতে ছবিসহ ভোটার তালিকার কাজ পুরোপুরি শেষ করেছে নির্বাচন কমিশন। কাজ চলছে আরো ১০৮টিতে। কমিশন বলছে, এ পর্যন্ত ভোটার নিবন্ধনের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময় জুন মাসের মধ্যেই বাকি কাজ শেষ হবে।
কমিশনের হিসেবে, দেশে এবার আনুমানিক আট কোটি ভোটার নিবন্ধিত হবে। এর মধ্যে ২ মে পর্যন্ত সাড়ে ৬ কোটি ভোটারের তথ্য নিবন্ধন শেষ হয়েছে। সর্বশেষ ১০২টি এলাকায় শিগগিরই ভোটার তালিকার কাজ শুরু হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের (নিকস) জনসংযোগ কর্মকর্তা এম আসাদুজ্জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ মে পর্যন্ত ৬ কোটি ৪১ লাখ ৮ হাজার ৫১৮ জন ভোটার নিবন্ধিত হয়েছে। এটি সম্ভাব্য মোট ভোটারের ৮০ শতাংশ।
তিনি বলেন, "ভোটার নিবন্ধন কাজ পুরোপুরি শেষ হয়েছে এমন ৩৩১টি এলাকায় ৫ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৯০ জন ভোটার নিবন্ধিত হয়েছে। ঢাকা সিটি করপোরেশনে নাম নিবন্ধন করেছে ৩৫ লাখ ৪১ হাজার ৫৫৩ জন। এছাড়া নিবন্ধন কাজ চলছে এমন ১০৮ টি এলাকায় এ পর্যন্ত নিবন্ধিত হয়েছে ১ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৯২৮ জন ভোটার।"
গত ২২ এপ্রিল ঢাকায় একটি অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা জানান, দেশে প্রতিমাসে এক কোটি ভোটার নিবন্ধিত হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে জুনের মধ্যে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে সারাদেশে ভোটার নিবন্ধন কাজ শেষ হবে।
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্পের কর্মকর্তারা জানান, ১২৯টি এলাকায় এরই মধ্যে খসড়া ভোটার তালিকা (৩ কপি) মুদ্রণ হয়েছে। এছাড়া, ১১টি এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা (৫ কপি) মুদ্রণ করেছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এসকে/২১২১ঘ.
bdnews24