ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরির লক্ষ্যে সংস্কার কার্যক্রম চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে এলে তিনি এ কথা বলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা মরিয়ার্টিকে বলেন, "বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে বদ্ধ পরিকর। সংস্কার করা হচ্ছে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য, যাতে পেশিশক্তি, অর্থ ও ক্ষমতার অপব্যবহার না হয়।"
তিনি আরও বলেন, "উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাক-আলাপ করেছেন। প্রাক-সংলাপে তাদের একটা প্রতিক্রিয়া (ফিডব্যাক) পাওয়া গেছে।"
প্রাক-সংলাপের বিষয়গুলো নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার পর তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে রাষ্ট্রদূতকে জানান প্রধান উপদেষ্টা।
ফখরুদ্দীন আহমদ বলেন, নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এত কম সময়ের মধ্যে প্রায় আট কোটি ভোটারের ছবিযুক্ত তালিকা তৈরিকে 'দুঃসাধ্য কাজ' উল্লেখ করে তা সফলভাবে শেষ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। "শুধু আগামী নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন একটি উচ্চ মান বজায় রেখে অনুষ্ঠানের ব্যাপারে কাজ করছে সরকার।"
মরিয়ার্টির কার্যকালে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছবে বলে আশাবাদ জানান প্রধান উপদেষ্টা।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, "একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করছে যুক্তরাষ্ট্র। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে তার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত থাকবে।"
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বলেন, "রাষ্ট্রদূত মরিয়ার্টি সরকারের বিভিন্ন সংস্কার কাজের প্রশংসা করেছেন। সিডর আক্রান্ত এলাকার জন্য যুক্তরাষ্ট্র যে এক কোটি ডলারের খাদ্য সহায়তা দিয়েছে সে ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন রাষ্ট্রদূত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/টিএইচ/এসকে/১৮৩১ঘ.
bdnews24