২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীর উন্নয়নে দুইশ কোটি টাকা বরাদ্দের আশ্বাস

বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নে আগামী অর্থ বছরে দুইশ কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হবে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নে আগামী অর্থ বছরে দুইশ কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হবে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, "ইতিমধ্যে নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা এসেছে। এরইমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ২৩ কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে সচেতন থাকতে হবে যাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে খরচ হয়।" শনিবার বিকেলে নগরীর আন্দরকিল্লা চত্বর দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল খালেক চত্বর নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে তিনি চাক্তাই খাল খনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং রাজাখালীতে মধ্যম চাক্তাই ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন। চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কর্মকাণ্ড এগিয়ে চলছে উল্লেখ করে তিনি বলেন, "সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ইতোমধ্যে নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে এবং তা বাস্তবায়ন প্রক্রিয়াধীন।" নগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "আগামী জুনের মধ্যে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব হবে না। তবে এ লক্ষ্যে গৃহীত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে।" এরইমধ্যে চাক্তাই খালর খনন কার্যক্রমের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার আবদুল খালেক চত্বর নামকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চউকের চেয়ারম্যান প্রকৌশলী শাহ মো. আখতার উদ্দীন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম খায়রুল আলম। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, "গুণী সন্তানদের সম্মান জানানোর মধ্য দিয়ে একটি দেশ ও জাতির সামাজিক অগ্রগতির সূচকের মূল্যায়ন করা যায়। প্রতিটি স্তরে এ সংস্কৃতি চালু করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.