২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিটিবিকে কোম্পানি করার প্রস্তাব রোববার উপদেষ্টা পরিষদে উঠতে পারে: এম এ মালেক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক বলেছেন, বিটিটিবিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের একটি প্রস্তাব রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক বলেছেন, বিটিটিবিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের একটি প্রস্তাব রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হতে পারে। তিনি বলেছেন, প্রস্তাবটি পাশ হলে বিটিটিবির নাম হবে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেডে (বিটিসিএল)। গ্রাহক সেবা নিশ্চিত করতে বিটিসিএলের পরিচালনা পর্ষদ সব ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। শনিবার রাজধানীর ইস্কাটনে টেলিযোগাযোগ ভবনের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় এম এ মালেক এ কথা জানান। সভায় জানানো হয়, বিটিটিবি তাদের টেলিফোন কলচার্জ কমানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া নতুন টেলিফোন সংযোগের জন্য ডিমান্ড নোটের টাকা পরিশোধের পর ২৪ ঘণ্টার মধ্যে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেসরকারি খাতের ফিক্সড লাইন টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (পিএসটিএন) সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বিটিটিবি মন্ত্রণালয়ে যে প্রস্তাব পাঠিয়েছে তাতে একই জেলার মধ্যে ফোন কলের ক্ষেত্রে প্রতিমিনিট ২০ পয়সা হারে চার্জ ধরতে বলা হয়েছে। বর্তমানে বিটিটিবি এ ধরনের কলের ক্ষেত্রে প্রতি ইউনিট দেড় টাকা করে আদায় করে থাকে। পিক আওয়ারে প্রতি ৭ মিনিটে এবং অফ পিক আওয়ারে প্রতি ১০ মিনিটে ১ ইউনিট ধরা হয়। নতুন পদ্ধতিতে পিক ও অফপিক আওয়ারের জন্য একই কলরেট রাখার প্রস্তাব দিয়েছে বিটিটিবি। একইভাবে মাল্টি এক্সচেঞ্জ ও বিভাগীয় শহরের ক্ষেত্রে বিটিটিটি কলরেট কমিয়ে প্রতি মিনিট ২৫ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে বিটিটিবি থেকে মোবাইল ফোনে বা বেসরকারি পিএসটিএন অপারেটরে কলের ক্ষেত্রে প্রতি মিনিট ১ টাকা হারে কলরেট নির্ধারণ করতে বলা হয়েছে। বিটিটিবির এই প্রস্তাবটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবেচনাধীন। পর্যালোচনা সভায় বিশেষ সহকারী এম এ মালেক বলেন, কিছু অসৎ লোকের কারণে দেশের অধিকাংশ মানুষ বিটিটিবি'র টেলিফোন সেবা থেকে বঞ্চিত থাকতে পারে না। বিটিটিবি'র সব কর্মকর্তা-কর্মচারিকেই এ ব্যাপারে কাজ করতে হবে। এম এ মালেক বলেন, আবেদন করার পর এখন থেকে টেলিফোন লাইন পেতে বা স্থানান্তর করতে ২৪ ঘণ্টা সময় লাগবে। সভায় জানানো হয়, আগামী জুনের মধ্যে দেশের ২৫টি এক্সচেঞ্জের ২৬ হাজার টেলিফোনে ইন্টারনেট সংযোগ দেয়া হবে। এজন্য কোনো ফি লাগবে না। শুধু সার্ভিস চার্জ দিতে হবে। বর্তমানে বিটিটিবির ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ৩০০ টাকা ফি দিতে হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব ইকবাল মাহমুদ সভায় বলেন, যাদের টেলিফোন বিল বাকি পড়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিলের ক্ষেত্রে যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান জালিয়াতি করছে তাদের বিরুদ্ধেও মামলা করবে বিটিটিবি। অন্যান্যের মধ্যে পর্যালোচনা সভায় বিটিটিবি'র চেয়ারম্যান আশরাফুল আলীম, সৈয়দ মামুন আকতার, রতন চন্দ্র ভৌমিক, সালেহ আহমেদ হাকিম ও মীর মোহাম্মদ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/এমএ/১৮৩০ঘ.