২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদের হার কমানোর ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নয়: গভর্নর

সুদের হার কমাতে ব্যাংকগুলোর আরো সময় লাগতে পারে। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে ব্যাংক মালিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শনিবার গ্লোবাল করপোরেট গভর্নেন্স ফোরাম (জিসিজিএফ) ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 09:35 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুদের হার কমাতে ব্যাংকগুলোর আরো সময় লাগতে পারে। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে ব্যাংক মালিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শনিবার গ্লোবাল করপোরেট গভর্নেন্স ফোরাম (জিসিজিএফ) ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "আমরা সুদের হার কমাতে ব্যাংকগুলোকে এখনই বলতে পারি না। এ বিষয়ে ব্যাংক মালিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, তারা যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সহমত জানিয়েছেন।" ব্যাংকগুলোর সার্ভিস চার্জ পুনরায় সমন্বয়ের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক দিকনির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি। গভর্নর আরো বলেন, "তবে আমাদের মাথায় রাখতে হবে ঋণের উপর সুদের হার কমানোর অর্থ এই নয় এ হার কমালে আমানতের ওপরও সুদের হার কমে যাবে।" 'ট্রেনিং অব ট্রেনার্স' শীর্ষক তিন দিনের এই কর্মশালায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের ব্যাংক কর্মকর্তারা অংশ নিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ সুপ্রশাসনের অপরিহার্যতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, "বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য সুপ্রশাসনের অপরিহার্যতার বিষয়ে কারো কোনো সন্দেহ নেই।" তিনি জানান, একটি দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে, অর্থনৈতিক উন্নয়ন সাধন এবং দারিদ্র্য দূরীকরণে সুপ্রশাসনের কোনো বিকল্প নেই। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুপ্রশাসন নিশ্চিত করতে স্বচ্ছতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিইআই এর সভাপতি ফারুক সোবহান, জিসিজিএফ এর জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা জিন স্পাইরো বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/১৫২৬ ঘ.