মৌলভীবাজার, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জ উপজেলায় মাধবপুর ইউনিয়নের ভাসানী গাঁওয়ে শুক্রবার আরও অন্তত সাতটি বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে একটি পাকা মসজিদ ও একটি বাড়ির দেয়ালে ফাটল ধরেছে।
স্থানীয়দের অভিযোগ, লাউয়াছড়াসহ ওই এলাকায় শেভরনের ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ কাজে বিস্ফোরণ ঘটানোর কারণেই বাড়ির দেয়ালে ফাটল ধরেছে। শেভরন কর্তৃপক্ষ বলেছে তাদের এই জরিপ কাজের কারণে বাড়ি ঘরের ক্ষতি হলে তার জন্য তারা ক্ষতিপূরণ দেবে।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাসানী গাঁও গ্রামে শেভরনের জরিপ কাজে বিস্ফোরণ ঘটানোর ফলে ভূ-কম্পন হয়েছে এবং সাতটি বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
তিনি জানান, গ্রামের একটি পাকা মসজিদ ও মজিব মিয়ার পাকা বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া তাহের মিয়া, মসুদ মিয়া, আজাদ মিয়া, ইউসুফ আলী ও আতাউর রহমানের কাঁচা বাড়ির দেয়াল ফেটে গেছে।
পুষ্প কুমার বলেন, "বাড়ির দেয়ালে ফাটল দেখা দেওয়ার বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।"
এ বিষয়ে শেভরনের পরিচালক (এক্সটার্নাল এফেয়ার্স) নাছের আহমেদ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। বাড়ি ঘরের কোন ক্ষতি হলে অবশ্যই ক্ষতিপূরণ দেওয় হবে।"
গত সপ্তাহে কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আশপাশের এলাকায় ডলুবাড়ি, দিলবর নগর, বিষামনি, রাধানগর, এমআর খাঁন বস্তি ও মাধবপুর গ্রামের শতাধিক কাঁচা ও পাকা বাড়ির দেয়ালে ফাটল দেখা দেয়।
এর জন্য গ্রামবাসীরা যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানি শেভরনের ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপকে দায়ী করেন। তারা অভিযোগ করেন জরিপ চালাতে মাটির নিচে যে বিস্ফোরণ ঘটানো হচ্ছে তাতে ভূ-কম্পন ও বিকট শব্দ সৃষ্টি হচ্ছে। এতেই বাড়ির দেয়ালে ফাটল দেখা দিচ্ছে।
এছাড়া বিস্ফোরণের প্রচণ্ড শব্দ ও মৃদু ভূ-কম্পনে জঙ্গল থেকে বিভিন্ন প্রাণী লোকালয়ের দিকে চলে আসছেও বলে তারা অভিযোগ করেন।
গত শনিবার (২৬ এপ্রিল) লাউয়াছড়া সংরক্ষিত বনে একটি স্থানে আগুন লাগার ঘটনায় পরের দিন রোববার ওই এলাকায় শেভরন জরিপ কাজ স্থগিত করে। তবে মঙ্গলবার থেকে আবার জরিপ কাজ শুরু করেছে কোম্পানিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24