২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অধিকারের স্মারক মে দিবস বৃহস্পতিবার

মহান মে দিবস বৃহস্পতিবার। শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনা প্রবাহের দিন। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সারা বিশ্বের মেহনতি শ্রমিকদের সঙ্গে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হবে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আটঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে আন্দোলন গড়ে তোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 04:42 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান মে দিবস বৃহস্পতিবার। শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনা প্রবাহের দিন। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সারা বিশ্বের মেহনতি শ্রমিকদের সঙ্গে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হবে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আটঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে যুক্তরাষ্ট্রের সরকার মালিক পক্ষের উস্কানিতে শ্রমিকদের ওপর গুলি চালায়। আপসহীন দশ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো শিকাগো শহর। অবশেষে প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিস নগরীতে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের মহান অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আলাদা বাণী দিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সারা বিশ্বে শ্রমজীবী মানুষের কাছে মে দিবস অধিকার ও ঐক্য প্রতিষ্ঠার দিন। শ্রমের মর্যাদা ও অধিকার আদায়ে এ দিবসটি মেহনতি মানুষের কাছে প্রেরণার উৎস। মে দিবসের তাৎপর্যকে সমুন্নত রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন এবং শিল্প-শ্রমিক ব্যবস্থাপনা সহায়ক পরিবেশ সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের সব মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তার বাণীতে বলেন, 'দেশের উন্নয়ন, উৎপাদন ও নিমার্ণে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। আমরা তাই শ্রমজীবীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছি।' আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এক বিবৃতিতে দলের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানান জিল্লুর রহমান। মে দিবস উপলক্ষে যৌথ বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারপারসন এম সাইফুর রহমান, অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আবদুল মান্নান ভূঁইয়া শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানান। খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও শ্রমিকশ্রেণীসহ সব পর্যায়ের শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান এ উপলক্ষে যৌথ বিবৃতি দিয়েছেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আব্দুল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন ও গণতান্ত্রিক বাম মোর্চা মে দিবসে শ্রমজীবী গোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন। এদিকে মে দিবস পালনের জন্য বৃহস্পতিবার বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে। মে দিসব উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তিনদিনব্যাপী কর্মসূচি নিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও মে দিবস মেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকল্পধারা বাংলাদেশ এর বিকল্প শ্রমজীবীধারা সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করেছে। সভা শেষে শোভাযাত্রা বের হবে। সভায় দলের বিকল্পধারা সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ কল্যাণ পার্টি'র ঢাকা মহানগর কমিটি বিকেল চারটায় রাজধানীর শাহজাহানপুর মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু এভিনিউ'র কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। এতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) 'মে দিবস' বক্তৃতা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনাতনে এ অনুষ্ঠান শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/টিএইচ/এসএনডি/২২৩১ ঘ.