২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোক্তা অধিকার কমিশন গঠনের সুপারিশ টিসিটি'র

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধান ও জবাবদিহিতার স্বার্থে ভোক্তা অধিকার কমিশন গঠনসহ বেশ কিছু সুপারিশ করেছে দ্য কনজুমার্স ট্রাস্ট (টিসিটি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধান ও জবাবদিহিতার স্বার্থে ভোক্তা অধিকার কমিশন গঠনসহ বেশ কিছু সুপারিশ করেছে দ্য কনজুমার্স ট্রাস্ট (টিসিটি)। টিসিটি'র চেয়ারপারসন মনজুর হাসান স্বাক্ষরিত এ সুপারিশমালা বুধবার বাণিজ্য সচিবের কাছে হস্তান্তর করা হয়। টিসিটির অ্যাসোসিয়েট মো. ইমামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে এই সুপারিশমালা পৌঁছে দিয়েছি। আমরা মনে করি, এসব সুপারিশ বাস্তবায়ন না করেই প্রস্তাবিত অধ্যাদেশটি জারি করা হলে ভোক্তা অধিকার আইনের সুফল ভোক্তারা পাবে না।" সুপারিশমালায় বলা হয়েছে, প্রস্তাবিত আইনে 'ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদ' গঠনের যে সুপারিশ করা হয়েছে তার বদলে ৩ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর ভোক্তা কমিশন গঠন করার বিধান রাখা হোক। এই কমিশন তাদের কর্মকাণ্ডের জন্য সংসদ ও রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করবে এবং প্রতিবছর প্রতিবেদন দেবে। টিসিটি'র সুপারিশ অনুযায়ী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধান ও জবাবদিহিতায় থাকবে ভোক্তা অধিকার কমিশন। অধিদপ্তরের কাজের পরিধি অনুযায়ী বিভিন্ন বিষয়ে একাধিক মহা পরিচালক থাকার বিধান থাকতে পারে। এছাড়া প্রতারিত ভোক্তারা যাতে সরাসরি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারে, আইনে সে সুযোগ রাখারও সুপারিশ করেছে টিসিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০২৫ ঘ.