মাগুরা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার হুলিনগর গ্রামের সমরেন হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন এবং তিন জনের তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহম্মেদ এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার হুলিনগর গ্রামের সুধাংশ সরকার, গৌর চন্দ্র সরকার, শ্রীপতি সরকার, বিভূতি চন্দ্র মণ্ডল, আসুতোষ মণ্ডল, হরশিত বৈরাগী, রঞ্জন সরকার, শান্তিরাম সরকার, সন্যাসী মণ্ডল, গোপাল চন্দ্র সরকার, মাখন সরকার ও গিরিশ চন্দ্র সরকার।
তিন বছর সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের গৌতম চন্দ্র সরকার, ক্ষিরোদ সরকার ও বিদুৎ সরকার।
সাজাপ্রাপ্ত এ ১৫ জনের মধ্যে ৮ জন পলাতক রয়েছেন।
২০০১ সালের ১০ জুলাই পূর্ব শত্র"তার জের ধরে সদর উপজেলার হুলিনগর গ্রামের সমরেন চন্দ্র সরকারকে (৪৫) প্রতিপক্ষরা পিটিয়ে গুরুতর আহত করে। ওইদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে সরজিৎ ওই বছর ১৩ জুলাই মাগুরা সদর থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০০২ সালের ১০ জানুয়ারি পুলিশ এদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24