২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রডের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই: তদন্ত কমিটির প্রধান

নির্মাণসামগ্রীর মধ্যে অন্যতম রডের বাজার অস্থিতিশীলতা হয়ে ওঠার জন্য জাহাজ ভাঙা ব্যবসায়ীদের দায়ী করেছেন সরকারি তদন্ত কমিটি প্রধান এএসএম রশিদুল হাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণসামগ্রীর মধ্যে অন্যতম রডের বাজার অস্থিতিশীলতা হয়ে ওঠার জন্য জাহাজ ভাঙা ব্যবসায়ীদের দায়ী করেছেন সরকারি তদন্ত কমিটি প্রধান এএসএম রশিদুল হাই। প্রাথমিক তদন্তে কমিটি রডের অস্বাভাবিক দাম বাড়ার যৌক্তিক কোন কারণ খুঁজে পায়নি জানিয়েছেন তিনি। কমিটি পুরনো জাহাজের লোহার দাম পুনর্র্নিধারণের জন্য জাহাজ-ভাঙা ব্যবসায়ীদের (শিপ ব্রেকার্সদের) মঙ্গলবার পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে। পূর্ত সচিব এএসএম রশিদুল হাই বলেন, "রডের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কোন কারণ দেখিনি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে পুরনো জাহাজের মূল্য বেড়েছে ঠিকই। কিন্তু বেশি দামে কেনা সেইসব জাহাজ এখনও কাটা হয়নি।" সোমবার বিকালে নগরীর সার্কিট হাউসে রডের দাম বৃদ্ধির বিষয়ে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভা শেষে পূর্ত সচিব সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, পুরনো বা স্ক্র্যাপ জাহাজের লোহার দাম পুর্ননির্ধারণে জাহাজ ভাঙা ব্যবসায়ীদের (শিপ ব্রেকার্সদের) মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের ওই তদন্ত কমিটি। দাম পুননির্ধারণ না করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও পূর্ত সচিব রশিদুল হাই জানিয়েছেন। অপরদিকে জাহাজ ভাঙা ব্যবসায়ী বা শিপ ব্রেকার্সরা আন্তর্জাতিক বাজারে রড তৈরির কাঁচামাল ও পুরনো জাহাজের দাম বাড়ার কথা জানিয়ে আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পূর্ত সচিব বলেন, "ছয়মাস আগের সস্তা দরে কেনা স্ক্র্যাপ জাহাজের লোহা-লক্কড়ই এখন অধিক দামে বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় রডের দাম কেন বাড়ল শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো পরিদর্শনকালে তার সঠিক কোন কারণ খুঁজে পাইনি।" এ ব্যাপারে মঙ্গলবার ঢাকায় তদন্ত কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। পূর্ত সচিব রশিদুল হাই জানান, পরিদর্শনকালে কোন ইয়ার্ডেই স্ক্র্যাপ লোহার প্রতি টনের দাম বিক্রয় রশিদে ৪০ হাজারের বেশি দেখা যায়নি। কিন্তু রি-রোলিং মিল মালিকরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করেছেন জাহাজ ভাঙা ব্যবসায়ীরা স্ক্র্যাপ লোহা প্রতিটন ৫৫ থেকে ৫৬ হাজার টাকা দরে বিক্রি করছেন। জাহাজ ভাঙা ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে পুরনো জাহাজের দাম বাড়ার কথা বললেও গত দুমাসে তারা বাড়তি দামে কেনা কোন জাহাজ কাটেনি বলে মন্তব্য করেন পূর্ত সচিব। তিন বলেন, "পুরনো দরে কেনা জাহাজের লোহাই তারা বেশি দামে বিক্রি করে রডের দাম বাড়িয়ে দিয়েছেন।" পর্যালোচনা সভায় শিপ ব্রেকার্স মালিকরা আর্ন্তজাতিক বাজারে রডের কাঁচামাল ও স্ক্র্যাপ জাহাজের দাম বাড়ায় কাঁচামাল আমদানির ওপর সরকারি শুল্ক প্রত্যাহারের দাবি জানান। শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুফী মিজানুর রহমান আন্তর্জাতিক বাজারে পুরনো জাহাজের দাম বাড়ার বিষয়টি উল্লেখ করে বলেন, আগে তারা তিন থেকে চারশ' ডলার টন দরে জাহাজ কিনতেন। এখন সে জাহাজের দাম সাতশ' থেকে সাড়ে সাতশ' ডলার হয়েছে। এ অবস্থায় জাহাজ কেটে পাওয়া লোহার দাম বাড়া যৌক্তিক বলে মনে করেন তিনি। অন্যদিকে রি- রোলিং মিল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মাসুদ বলেন, প্রতি টন পুরনো বা স্ক্র্যাপ লোহা ৫৫ থেকে ৫৬ হাজার টাকায় কিনতে হচ্ছে তাদের। এই লোহা দিয়ে রড তৈরি করে বিক্রি করতে খরচ পুষিয়ে লাভ রাখতে হলে প্রতিটন রডে অন্তত ১২ হাজার টাকা যোগ করতে হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক আশরাফ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আকতার আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, টাস্কফোর্স চট্টগ্রামের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, চট্টগ্রাম কাস্টমস কমিশনার (আমদানি) নাসির উদ্দিন বক্তব্য রাখেন। ব্যবসায়ীদের মধ্যে আরও বক্তব্য রাখেন- এফবিসিসিআই পরিচালক কামাল আহমেদ, স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলূর রহমান বকুল, স্ক্র্যাপ জাহাজ ব্যবসায়ী শওকত আলী চৌধুরী, রি রোলিং মিল বিএসআরএম এর স্বত্ত্বাধিকারী আকবর আলী। কাস্টমস কমিশনার (আমদানি) নাসির উদ্দিন জানান, সরকারি শুল্ক প্রত্যাহার করা হলে কাঁচামালের দাম মাত্র সাত হাজার টাকা কমবে। অথচ বর্তমানে রডের দাম দশ থেকে পনের হাজার টাকা বেশি। সভায় জেলা টাস্কফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কয়েকজন অসাধূ জাহাজ ব্যবসায়ীর কাছে পুরো শিল্পটি জিম্মি হয়ে আছে। পুরনো জাহাজ কেটে পাওয়া লোহার দাম তিরিশ থেকে চল্লিশ হাজারে পৌছাঁলেও সরাকরি শুল্কসহ বাকি সব শর্ত একই রয়েছে। স্ক্র্যাপ লোহা ব্যবসায়ীদের বিক্রি রশিদে ৪০ হাজার টাকা দাম উল্লেখ রয়েছে। কিন্তু তারা কেন রি রোলিং মিলের কাছে বেশি দাম নিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, "বর্তমানে চট্টগ্রাম বন্দরে রাজনৈতিক চাঁদাবাজি এবং কাস্টমসে ঘুষ লেনদেন বন্ধ রয়েছে। এর সুবিধা ব্যবসায়ীরা পাচ্ছেন। তারপরও স্ক্র্যাপ লোহার দাম বাড়ছে কেন?" ব্রিগেডিয়ার জেনারেল হাসানের এ প্রশ্নের জবাবে সভায় উপস্থিত ব্যবসায়ীরা কোন সদুত্তর দিতে পারেননি। পর্যালোচনা সভার আগে সকালে পূর্ত সচিব ও তদন্ত কমিটির সদস্য এবং যৌথ বাহিনীর কর্মকর্তারা সীতাকুণ্ড অঞ্চলের তিনটি শিপ ব্রেকিং ইয়ার্ড ও একটি রি-রোলিং মিল পরিদর্শন করেন। রডের বাজার অস্থিতিশীল হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল পূর্ত সচিবকে প্রধান এবং যুগ্ম সচিব, চট্টগ্রাম জেলা টাস্কফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরসহ ছয়জনকে সদস্য করে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএসবি/এমএইচবি/২২২৬ ঘ.