২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি সাংবাদিক সমিতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনি ও রোববার ছাত্রলীগের দুই অংশের মধ্যে সংঘর্ষের সময় দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। তিন দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে সমিতির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনি ও রোববার ছাত্রলীগের দুই অংশের মধ্যে সংঘর্ষের সময় দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। তিন দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে সমিতির নেতারা। সোমবার সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করে এই দাবি জানানো হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাও মৌন মিছিলে অংশ নেয়। মৌন মিছিল শেষে বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, "আমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে দায়িত্ব পালন করছি, তাদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। হামলাকারীদের শাস্তি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর সবার আস্থা দৃঢ় হবে।" চ্যানেল আইয়ের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাজমুল হোসেন বলেন, "আমরা সব ধরনের ঝুঁকি মেনে নিয়েই এ পেশায় আসি। তারপরও ছাত্র সংগঠনের কর্মীরা বিশেষ উদ্দেশ্যে সাংবাদিকদের ওপর চড়াও হয়। রোববারের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সন্ত্রাসীরা আরো সাহস পেয়ে যাবে।" গত শনিবার রাতে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আনু আনোয়ার এবং রোববার দিনকালের প্রতিবেদক জাহিদুর রহমান আরমান দায়িত্বপালনকালে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/১৮১৩ ঘ.