২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় জমি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে জমি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে সিফায়েত হোসেন (৩২) নামে একজন নিহত এবং ২০জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

মাগুরা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে জমি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে সিফায়েত হোসেন (৩২) নামে একজন নিহত এবং ২০জন আহত হয়েছেন। সিফায়েত সোমবার রাতে আহত হন। ঢাকা নেওয়ার পথে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। এছাড়া, গুরুতর আহত বক্তার মোল্লা (৫৫), জহুর মোল্লা (৫০), সাখাওয়াত হোসেন (৩০) ও আজাদ (১৬) নামের চারজন মাগুরা সদর ও মোহাম্মদপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বক্তার মোল্লা ও জহুর মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। তিনি জানান, সংঘর্ষে গুরুতর আহত হন পাঁচজন। এদের মধ্যে সিফায়েতকে প্রথমে ভর্তি করা হয় মোহাম্মদপুর ও পরে মাগুরা হাসপাতালে। এরপরও তার অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার দুপুরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও মামলা হয়নি বলে ওসি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩১ ঘ.