টাঙ্গাইল, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টাঙ্গাইলের নন্দীর বেতকা গ্রামের সবচেয়ে প্রবীণ বাসিন্দা সৈয়দ সালেহউদ্দীন আহমেদ। নিজের বয়েস, যতোটা মনে করতে পারেন, ১০৫ বলে তার ধারণা। পরিবারের সদস্যরা মনে করেন তা অন্তত ৯৫ এর কম নয়। লন্ডনের কার্টোগ্রাফার র্যাডক্লিফের পেন্সিলের আঁচড়ে ব্রিটিশ ভারত ভাগ হওয়ার আগে সাত -আটবার ট্রেনে চেপে কলকাতা গেছেন। পূর্ববাংলার নিভৃত মফস্বলের মানুষের কাছে অবিভক্ত ভারতের রাজধানী কলকাতা তখন এক আশ্চর্য নগরী। সালেহউদ্দীন আহমেদ তার সেই ভ্রমণের গল্প শুনিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন কায়সারকে ।
টাঙ্গাইল থেকে নৌকায় যমুনা দিয়ে সিরাজগঞ্জ। সেখান থেকে ট্রেনে চেপে রানাঘাট হয়ে কলকাতা। কেউ যেতেন ঈশ্বরদী হয়ে। 'আমনুরা প্যাসেঞ্জার' নামে একটি ট্রেনের কথা এখনো মনে পড়ে সালেহউদ্দীন আহমেদের। পথে গোদাগাড়ী, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, পলাশী, কাশিমবাজার, বেথুয়াডহরী ইত্যাদি স্টেশন। শেষে ট্রেন থামতো গমগমে শিয়ালদহ। তারপর এক্কা বা টানা রিকশায় গন্তব্যে।
ট্রেনের ঘটনা বিশেষ খেয়াল নেই। শুধু মনে আছে কামরার ভেতর একটু পর পর চেইনের হাতলের পাশে লেখা ছিল অকারণে চেন টানলে ২৫ টাকা জরিমানা। তখনকার আমলে সেটা এক বিশাল অঙ্ক।
আর কলকাতা পর্যন্ত খরচ? তা সে আমলের হিসেবে অনেকই। পুরো ছয় টাকা। ফিরতে আবার ছয়।
ইয়ার-দোস্তরা মিলে আমহার্স্ট স্ট্রিটে আড্ডা দিয়েছেন। সাহেব-শাসকের নামের ওই সড়ক (বা তার কাছাকাছি) ছিল ফ্রেসকো, ফারপো এইসব রেস্তোরাঁ। যদ্দুর মনে পড়ে, এক কাপ চায়ের সঙ্গে একটি নিমকি মিলতো দুই পয়সায়।
"বিশেষ করে ওইসব জায়গার কেক-বিস্কুটের স্বাদ এখনো মনে পড়ে"-নিমীলিত নয়নে বলেন 'সৈয়দ সাহেব' নামেই সারা গ্রামে বেশি পরিচিত এই শতাব্দীপ্রাচীন মানুষটি। সময় তার দৃষ্টি কেড়ে নিলেও মনের চোখে এখনো জ্বলজ্বলে অনেক কিছুই।
মনে পড়ে গ্রেট ইস্টার্ন, আমজাদিয়া আর বুদ্ধু ওস্তাগর লেনের চানপুর (না চাঁদপুর) হোটেলের কথাও। দেশি লোকের পাশাপাশি কোথাও কোথাও দেখেছেন লালমুখো সাদা চামড়ার কর্মকর্তা-কর্মচারীও।
ফ্রেসকোতেই হয়তো হবে, শূয়োরের মাংস নিয়ে হয়েছিল এক বিপত্তি। দলের কেউ মেনু না বোঝায় কিংবা ওয়েটারের ভুলে হ্যাম চলে এসেছিল টেবিলে। সেটা ধরা পড়তে দেরিও হয়নি। ম্যানেজার রেগে হয়েছিলেন কাই। ওয়েটারকে এই মারেন তো সেই মারেন।
কলেজ স্কোয়ারের পোশাকের দোকান 'কমলালয়' আর 'সুবেদ আলী অ্যান্ড ব্রাদাসের্' গেছেন প্রতিবারই। মশলাপাতি, কাপড়চোপড়, কাগজ, খাতাকলম হেন কিছু নেই যা ছিলোনা সুবেদ আলীতে। ঢুঁ মেরেছেন সাহেবী মনোহারী দোকানেও যদিও নাম মনে পড়ে না আর।
সৈয়দ সাহেবের আত্মীয় আইনজীবী অনারারি ম্যাজিস্ট্রেট মুনসুর রহমানের ছিলো কাগজের ব্যবসা। কলকাতার যেখান থেকে কাগজ কিনতেন সেই দোকানের নাম- ঠিকানা পর্যন্ত এখনো মনে আছে সালেহউদ্দীন আহমেদের। কলকাতার সি/৬, ক্লাইভ স্ট্রিটের 'হারানচন্দ্র ব্যানার্জী অ্যান্ড সন্স' ছিল সেই দোকান। কলকাতায় টাকা-পয়সা চুকিয়ে দিয়ে আসতেন। সিরাজগঞ্জের ট্রেনে কাগজ উঠিয়ে দিতেন ব্যানার্জীরা। সেখান থেকে নদী ও সড়কপথে কাগজ চলে আসতো চমচমের জন্য বিখ্যাত পোড়াবাড়ি এবং তারপর তখনকার ক্ষুদ্র মহকুমা শহর টাঙ্গাইলে।
সবাই মিলে দেখতে গিয়েছেন মুর্শিদাবাদে নবাবী স্মৃতিবিজড়িত সব নিদর্শনও। মনে পড়ে আলিবর্দীর সিংহাসন, হাতির দাঁতের খাট। হাজারদূয়ারীর সিংদূয়ারের বাইরে হাত ভাঙা নীলচোখো সাহেবের মূর্তি আর ভাঙা তীর গেঁথে থাকা মোষের মাথাও মনে আছে আজও।
আলিপুর চিড়িয়াখানায় দেখেছেন অগুণতি পাখির জমজমাট মজলিস। ওই চিড়িয়াখানায় নিজের গ্রামের সমান কয়েকটা জনপদ ঢুকিয়ে রাখা যাবে বলে মনে হয়েছিল তার।
তবে সবচেয়ে জ্বলজ্বলে হয়ে আছে কলেজ স্কোয়ারে একই সঙ্গে হরিমতি, ইন্দুবালা আর কমলাঝরিয়ার গান শোনার স্মৃতি। মনে আছে একটি গানের প্রথম কলিও: কে নিবি ফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৪৩২ ঘ.
bdnews24