সাভার, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আরিচা মহাসড়কে সাভার বাজার বাসষ্ট্যান্ডে শনিবার একটি যাত্রীবাহী বাস আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। যাত্রী কম থাকায় বাসটিতে আগুন ধরে যাওয়ার পরপরই তারা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাভার দমকল কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুন ধরেছে বলে দমকল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাভার দমকল অফিসের স্টেশন মাষ্টার মো. সানাউল্লাহ জানান, মতিঝিল থেকে ছেড়ে আসা গ্রীনওয়ে এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বেলা ১২টার দিকে ঘটনাস্থলে এসে যাত্রী নামানোর সময় হঠাৎ এতে আগুন ধরে যায়। দ্রুত পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, সাভার দমকল অফিসের কর্মীরা এসে ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রী কম থাকায় তারা নিরাপদে নেমে যেতে পেরেছে। এ সময় মহাসড়কে আধঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24