ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারী উন্নয়ন নীতি বাতিল এবং উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটি ধর্মভিত্তিক দল। সংগঠনটি বলেছে, ১৭ এপ্রিলের মধ্যে তাদের দাবি পূরণ না হলে সরকারকে 'দাবি মানতে বাধ্য করা হবে'।
শনিবার বিকালে বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির আমির রেজাউল করিম বর্তমান সরকারকে 'ইসলাম বিদ্বেষী' আখ্যা দিয়ে এ ঘোষণা দেন।
শুক্রবার একই দাবিতে বিক্ষোভরত কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের কারণে এই মানববন্ধন কর্মসূচিকে সামনে রেখে দুপুরের পর থেকেই বায়তুল মোকারম এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিকেলে পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে হাতে হাত বেঁধে অবস্থান নেয়। প্রায় ২০ মিনিটের কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে রেজাউল করিম বক্তব্য রাখেন।
কর্মসূচিতে হিযবুত তাহ্রীর, খেলাফত আন্দোলন, শরীয়া হেফাজত কমিটি, ইসলামী আইন বাস্তবায়ন কমিটিসহ কয়েকটি সংগঠনের কর্মীরাও অংশ নেয়। তবে তারা নিজেদের কোনও ব্যানার বহন করেনি।
সমাবেশে রেজাউল করিম বলেন, "এই উত্তপ্ত পরিস্থিতিতেও আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। ১৭ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে তুমুল আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।"
তিনি বলেন, "নারী উন্নয়ন নীতিমালার ব্যাপারে সরকারের সুস্পষ্ট কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। সরকার এ ব্যাপারে কোনো বক্তব্য না দিয়ে পরিস্থিতি আরো ঘোলাটে করছে। বর্তমান সরকার ইসলাম বিদ্বেষী। এ সরকারের ইসলাম বিরোধী নীতিমালা বাস্তবায়ন থেকে যে কোনো উপায়ে প্রতিহত করতে হবে।"
নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীকে বিতর্কিত উল্লেখ করে তিনি তার পদত্যাগ দাবি করেন।
শুক্রবার সংঘর্ষের সময় গ্রেপ্তার হওয়া ১৭ কর্মীর মুক্তি দাবি করেন তিনি।
অন্যান্যের মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাল মাদানী, সিনিয়র নায়েবে আমির আব্দুর রশিদ পীর বরগুনা, হিজবুত তাহরীর প্রচার সচিব মাওলানা মামুনুর রশিদ সমাবেশে যোগ দেন।
মানববন্ধন চলাকালে পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। সংঘর্ষের আশঙ্কায় আশোপাশের দোকানপাটও বন্ধ ছিল। বিকেল ৫ টার দিকে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম মসজিদ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে যান চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/জেকে/এমএইচবি/২০৩৯ ঘ.
bdnews24